আইপিএলে নির্বাচনের প্রভাব! ধোনি-কোহলির খেলা দেখা থেকে বঞ্চিত ইডেনের ক্রিকেটপ্রেমীরা

0



দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা, এরপর প্লে-অফ ও ফাইনাল। মোট ৭০টি ম্যাচের এই টুর্নামেন্টে দেশের ১২টি স্টেডিয়ামে বসবে ক্রিকেটের মহারণ।তবে এই সূচির মধ্যেই স্পষ্ট হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব। ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন এবং ৪ মে ফলাফল ঘোষণার কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ রাখা হয়নি। ফলে দীর্ঘ সময় ঘরের মাঠে খেলতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। আর এই কারণেই বড় ধাক্কা খেলেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। এবারের আইপিএলে ইডেনে দেখা যাবে না দুই মহাতারকা-বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরের একমাত্র ম্যাচটি হবে রায়পুরে, অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে চিপকে। ফলে ইডেনে কোহলি-ধোনির লড়াই দেখার স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
সূচি অনুযায়ী, ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কেকেআর। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে প্রথম ম্যাচ খেলবে নাইটরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নামবে কেকেআর-২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ফলে প্লে-অফে ওঠার অঙ্ক কষার সুযোগও থাকবে তাদের সামনে।তবে সব হিসাবের মাঝেই একটাই আক্ষেপ শহরের ক্রিকেটপ্রেমীদের, তা হল কোহলি-ধোনিকে না দেখার আক্ষেপ।
কলকাতায়  কেকেআরের ম্যাচ সূচি:
• ২ এপ্রিল: কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ – সন্ধ্যা ৭:৩০
• ৬ এপ্রিল: কেকেআর বনাম পাঞ্জাব কিংস – সন্ধ্যা ৭:৩০
• ৯ এপ্রিল: কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস – সন্ধ্যা ৭:৩০
• ১৯ এপ্রিল: কেকেআর বনাম রাজস্থান রয়্যালস – বিকেল ৩:৩০
• ১৬ মে: কেকেআর বনাম গুজরাট টাইটান্স – সন্ধ্যা ৭:৩০
• ২০ মে: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স – সন্ধ্যা ৭:৩০
• ২৪ মে: কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস – সন্ধ্যা ৭:৩০

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *