বিমানবন্দরে লাজুক হাসি রশ্মিকার, বিয়ের নিমন্ত্রণের প্রশ্ন শুনে কী করলেন নায়িকা?

মায়ানগরীতে অনেকদিন ধরেই চলছে জল্পনা। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার নাকি বিয়ে। ২৬ ফেব্রুয়ারি নাকি বিয়ে! এ খবর সত্যি হলে তো হাতে রয়েছে আর মাত্র ক’টা দিন। এরমধ্যে রশ্মিকাকে সামনে পেলে বিয়ের প্রসঙ্গ উঠবেই। সম্প্রতি মুম্বই বিমানবন্দরেই রশ্মিকার দেখা পান ছবিশিকারিরা। নায়িকাকে দেখা গেল ডেনিম সঙ্গে সাদা টি-শার্টে। বেশ খোশমেজাজেই ছিলেন অভিনেত্রী। ছবি তোলার পাশাপাশি গল্পও করছিলেন সকলের সঙ্গে।
এই গল্পের মাঝেই রশ্মিকাকে সটান এক জন জিজ্ঞেস করে বসেন, ‘নিমন্ত্রণ করলেন না আপনি’? রশ্মিকা থমকান। হাসেন। আর তারপর হাসি মুখেই প্রশ্ন করেন, ‘কিসের জন্য’? এরপরই যোগ করেন, ‘আমার পরের ছবি মুক্তির জন্য এখনও সময় আছে’। কিন্তু রশ্মিকাকে কাছে পেয়েছেন যখন, ছাড়বেন কেন ছবি শিকারিরা। স্পষ্ট ইঙ্গিত দেন তাঁরা, ছবি মুক্তির ব্যাপার নয়, বিয়ের কথাই বলতে চেয়েছেন। রশ্মিকা বুঝতে পেরেই মিষ্টি হাসি হেসে বিমানবন্দরে ঢুকে যান।
বিয়ে নিয়ে নানা খবর হলেও, রশ্মিকা কিংবা বিজয় কেউ এই বিষয়ে মুখ খোলেননি। এর আগে, গত ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাসভবনে বাগদানের অনুষ্ঠান হয়। তখন এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছিলেন, ‘বাগদানের খবর অস্বীকার বা স্বীকার কোনওটাই করব না আমি। শুধু একটাই কথা বলব, যখন বিষয়টি নিয়ে বলার আমরা নিশ্চয়ই আপনাদের জানাব’। এরপরই শোনা গেছে, ২৬ ফেব্রুয়ারি দু’জনে সাতপাকে বাঁধা পড়বেন। রাজস্থানের উদয়পুরে চারহাত এক হবে দুই তারকার। যেখানে বাগদানের মতোই বিয়েটাও হবে খুবই ব্যক্তিগতভাবেই, উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও কাছের মানুষ ও বন্ধুরাই। তবে এও জানা গিয়েছিল, এরপর গ্র্যান্ড পার্টি হতে পারে হায়দরাবাদে। কিছুদিন আগেই দু’জনের ‘ব্যাচেলর মধুচন্দ্রিমা’ তে যাওয়ার ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবু নিমন্ত্রণ বা বিয়ের কোনও কথাই তারকাদের পক্ষে প্রকাশ পায়নি এখনও।
