হর্ষিতের পর ছিটকে আকাশদীপ! চাপে কেকেআর! তবু আশার আলো ক্যামেরন গ্রিন

0

আইপিএল শুরুর আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই একের পর এক চোটের ধাক্কায় চাপে কলকাতা নাইট রাইডার্স শিবির। পেস বোলিং বিভাগে বড়সড় সঙ্কট তৈরি হয়েছে, যা মরশুম শুরুর আগেই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথমে চোটের কারণে কার্যত ছিটকে যান তরুণ পেসার হর্ষিত রানা। তার কিছুক্ষণের মধ্যেই আরও বড় ধাক্কা, চোটের জন্য গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন বাংলার পেসার আকাশ দীপ।ফলে টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআরের বোলিং আক্রমণ নড়বড়ে হয়ে পড়েছে। এতেই শেষ নয়। শ্রীলঙ্কার তারকা পেসার পাথিরানাও পুরোপুরি ফিট নন। জানা গিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে তাঁকে পাওয়া যাবে না। ফলে শুরুতেই বড় ধাক্কার মুখে পড়েছে নাইটরা। এই পরিস্থিতিতে দ্রুত বিকল্প খুঁজতে হচ্ছে দলকে। এরমধ্যেই হর্ষিত রানার পরিবর্ত নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন হেড কোচ অভিষেক নায়ার।
তবে সব নেতিবাচকতার মাঝেও কিছুটা আশার আলো দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আইপিএল ২০২৬-এর নিলামে প্রায় ২৫.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর, যা তাঁকে আইপিএলের ইতিহাসে অন্যতম দামী বিদেশি ক্রিকেটার করে তুলেছে। কলকাতায় এসে দলেও যোগ দিয়েছেন গ্রিন। তিনি জানিয়েছেন, ‘আমরা আগ্রাসী ক্রিকেট খেলব এবং প্রতিটি ম্যাচে একই পরিকল্পনা নিয়ে নামব।’ দলের মূলমন্ত্র ‘করব লড়ব জিতবো রে’ বলেও সমর্থকদের উজ্জীবিত করেছেন তিনি।যদিও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে গ্রিনকে ঘিরে, তবুও শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর শতরান কিছুটা স্বস্তি দিয়েছে নাইট শিবিরে। সব মিলিয়ে শক্তিশালী দল গড়েও মরশুম শুরুর আগে বড় চ্যালেঞ্জের মুখে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।এখন দেখার, এই সঙ্কট কাটিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারে তারা। আপাতত প্রস্তুতি ম্যাচেই চোখ অজিঙ্কা রাহানের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *