ভেবেচিন্তেই সিদ্ধান্ত…. পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে বিস্ফোরক সে’দেশের প্রধানমন্ত্রী

0

আত্মঘাতী সিদ্ধান্ত! ‘আমরা বেশ ভেবেচিন্তে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’  পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্টই জানিয়েছেন, হুট করে এই সিদ্ধান্ত নেওয়া নয়, বরং ভেবেচিন্তাই। কানাঘুঁষো নানা শাস্তির কথা শোনা গেলেও, টি২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তেই অনড় রয়েছে পাকিস্তান সরকার।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। শাহবাজ শরিফ বলেন, ‘টি২০ বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমরা ভেবেচিন্তেই নিয়েছি।’ একই সঙ্গে তিনি এও মন্তব্য করেন, ‘খেলাধুলোর মধ্যে রাজনীতি টানা উচিত নয় এবং এই সিদ্ধান্ত যথাযথ বিচার-বিবেচনার পরই নেওয়া হয়েছে।বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো উচিত বলেই মনে করি।’ যদিও এই নিয়ে সরকারিভাবে কোনও মেল এখনও আইসিসিকে পাঠায়নি পাকিস্তান।

পাকিস্তান অধিনায়ক সলমন আগা অবশ্য স্বীকার করেছেন, এই ম্যাচ না হলে হতাশ হবেন সমর্থকরা। আগা বলেছেন, ‘ভারত-ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব।’ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে সলমন বলেছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’


কিন্তু তিনদিনের বেশি সময় পেরিয়ে গেলেও, নানা গুঞ্জন শোনা গেলেও আইসিসি এই নিয়ে আর কোনও মন্তব্য করেনি। বরং বেশি শান্তই। যা ঝড় ওঠার পূর্বাভাসই দিচ্ছে। এই ম্যাচ না হলে আইসিসিরও আর্থিক ক্ষতি। ভারতের বিপক্ষে ম্যাচের দিন অনুপস্থিত থাকার মতো কোনো সিদ্ধান্তকে আইসিসি ও তার বোর্ডের সদস্যরা হালকাভাবে নেবে না। যার ফলশ্রুতিতে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ প্রায় নিশ্চিত, যদিও তা ঘটবে ঘটনার পরপরই।


এরমধ্যেই গুঞ্জন শোনা গেছে, আইসিসি মধ্যস্থতাকারী ঠিক করেছে আলোচনার জন্য। কিন্ত তা নিয়ে এরপর আর কিছু জানা যায়নি। এরমধ্যেই পাক প্রধানমন্ত্রীর এইসব বিস্ফোরক মন্তব্য ঘৃতাহুতি দিয়েছে। আইসিসি জরুরী বৈঠক ডেকেছে এমন কথাও শোনা যাচ্ছে। সময় বলবে, বল কোন দিকে গড়ায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *