বিদেশে ভ্রমণের খরচ কমছে! বাজেটে খুশি হতে পারেন ভ্রমণপিপাসুরা, দেশের পর্যটন শিল্পেও আসতে পারে জোয়ার
বিদেশে ঘোরার প্রবণতা বেড়েছে ভ্রমণপ্রিয়দের। সেই সুযোগ আরও সহজসাধ্য হয়ে যা্চ্ছে। এ বারের বাজেটে ভ্রমণপ্যাকেজ কমে যাওয়ার খবরে খুশি হতেই পারেন বিদেশে ভ্রমণপ্রিয়রা। কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবে এবারে বিদেশ ভ্রমণের আগাম কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ট্রাভেল বুকিং বা শপিংয়ের জন্য আগে থেকে যে অতিরিক্ত কর দিতে হত, তা কমে যাবে।বিদেশ ভ্রমণ প্যাকেজের ক্ষেত্রে টিসিএস বা শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে ১০ লাখ টাকার নীচে থাকলে কর দিতে হত ৫ শতাংশ। ১০ লাখ টাকা পেরিয়ে গেলে কর ছিল ২০ শতাংশ। এই ট্যাক্স কমিয়ে ২ শতাংশ করা হবে বলে জানিয়েছেন নির্মলা।সব ধরনের বিদেশ ভ্রমণের খরচে একটাই টিসিএস হার মাত্র ২ শতাংশ রাখার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেটে নির্মলা সীতারামন দেশের পর্যটনের জন্যও একাধিক ঘোষণা করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। হোটেল ম্যানেজমেন্ট কাউন্সিলকে উন্নীত করেই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মাধ্যমে হোটেল ও হসপিটালিটি সেক্টরে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ চালু হবে।ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর সহযোগিতায় একটি পাইলট প্রকল্প চালু করা হবে, যার মাধ্যমে ১২-সপ্তাহের একটি কর্মসূচির মাধ্যমে ২০টি প্রধান পর্যটন কেন্দ্রে ১০,০০০ পর্যটন গাইডকে প্রশিক্ষণ দেওয়া হবে।
দেশের মন্দির শহরগুলির ক্ষেত্রেও একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ভারতের প্রধান মন্দির শহরগুলির মধ্যে রয়েছে উত্তর প্রদেশের বারাণসী, অযোধ্যা, মথুরা, গুজরাতের সোমনাথ ও দ্বারকা, বিহারের গয়া ও বোধগয়া এবং তামিলনাড়ুর মাদুরাই ও রামেশ্বরম-সহ আরও একাধিক শহর সব শহরকেই ঢেলে সাজানোর কথা জানানো হয়েছে।
পাঁচটি রাজ্যে নতুন আকর্ষণ হিসাবে পরিবেশবান্ধব ট্রেকিং রুটও চালু করতে অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু–কাশ্মীর, এছাড়াও পূর্বঘাটের আরাকু ভ্যালি এবং পশ্চিমঘাটের পথমগাই মালাই-তেও তৈরি হবে নতুন ট্রেকিং রুট। ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে আকর্ষণীয় সাংস্কৃতিক গন্তব্যে পরিণত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। উন্নয়নের জন্য প্রস্তাবিত প্রধান স্থানগুলোর মধ্যে রয়েছে রাইগিরি, লোথাল, সারনাথ এবং হস্তিনাপুর।এখন দেখার, ১ এপ্রিলের পর দেশের পর্যটন শিল্পে কতটা জোয়ার আসে।
