কোনও আইসিসি ট্রফি জয় নয়, এ বার সূর্যকুমারের লক্ষ্যটা অন্য

0

টি২০ বিশ্বকাপ মিশন শেষ। সাফল্য আসার পর এ বার নতুন লক্ষ্য। এরপর কী লক্ষ্য, তা ঠিক করে ফেলেছেন সূর্যকুমার যাদব। তিনি পরিষ্কারই জানিয়েছেন, ২০২৮ সালের অলিম্পিক গেমসে সোনা জয়ই এ বার লক্ষ্য।
ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব জানান, গত এক মাসের পুরো যাত্রাটাই দলের জন্য বিশেষ ছিল। শুরুটা প্রত্যাশামতো না হলেও ধীরে ধীরে দল নিজেদের ছন্দে ফিরেছে আর শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরেছে। সূর্যকুমার বলেন, ‘গত এক মাসের যাত্রা সত্যিই অসাধারণ ছিল। শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু সেটাও খেলারই অংশ। শেষ পর্যন্ত দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ-এই ট্রফি। এখন আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে সোনার পদক জেতা এবং সেই লক্ষ্য সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।’
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে দেখা যাবে ক্রিকেট। পুরুষ ও মহিলা- দুই বিভাগেই ৬টি করে দল অংশ নেবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে।
বর্তমান টি–টোয়েন্টি ক্রমতালিকা অনুযায়ী এশিয়া অঞ্চল থেকে পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই ভারতের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রের পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই ভেন্যুটি অস্থায়ীভাবে নির্মাণ করা হবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ভারত বর্তমানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিরও চ্যাম্পিয়ন। সূর্যকুমারের মতে, দলের বড় পরিবর্তনের শুরু হয়েছিল ২০২৪ সালে। সে বছর রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই দলের মানসিকতা বদলে যায়। তিনি বলেন, ‘২০২৪ সালের পর থেকেই অনেক কিছু বদলে গেছে। তখন আমরা একেবারে আলাদা ধরনের ক্রিকেট খেলেছিলাম। সেখান থেকেই আমরা বুঝতে পারি, দলকে কীভাবে সামনে এগিয়ে নিতে হবে। এরপর থেকে আমাদের যাত্রা অসাধারণ হয়ে উঠেছে।’ সূর্যকুমার আরও যোগ করেন, ‘২০২৫ সালে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি এবং সেখানেও আলাদা  ধরনের ক্রিকেট খেলেছি। ২০২৬ সালে ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এখন আমাদের লক্ষ্য ২০২৭, ২০২৮, ২০২৯-এভাবেই এগিয়ে যাওয়া এবং কখনো থেমে না থাকা।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *