আইএসএল দেখাতে জলের দরেই সম্প্রচারস্বত্ব ছাড়তে বাধ্য হল ফেডারেশন! কত টাকার লাভ কমল!

0

আইপিএলের একবছরের সম্প্রচারস্বত্ব ২৩, ৭৫৮ কোটি টাকা। ক্রিকেটের সঙ্গে তুলনাই করা যায় না ফুটবলের। আইএসএলের সম্প্রচারস্বত্ব এতদিন ছিল ২৭৫ কোটি টাকার। এ বার তার থেকেও কমে গেল প্রায় ৯৫ শতাংশই। মৃতপ্রায় আইএসএল নিয়ে নানা টালবাহানার পর অবশেষে মাঠে বল গড়ানোর ব্যবস্থা করা গেছে, এই যেন অনেক। 


গত ১৮ জানুয়ারি সম্প্রচারের জন্য বিডের আহ্বান করেছিল ফেডারেশন। আইএসএল সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ করেছিল এবিপি ডিজিটাল, ফ্যান কোড বা ইউরো স্পোর্টসের মতো একাধিক সংস্থা। পাশাপাশি, গত কয়েক বছর ধরে আইএসএল সম্প্রচার করা জিও হটস্টারও ছিল এই দৌড়ে। কিন্তু, সবাইকে ছাপিয়ে এবারের আইএসএল সম্প্রচারের স্বত্ব পেয়েছে ফ্যান কোড। ৮.৮২ কোটি টাকার বিড জমা দিয়েছিল ফ্যানকোড।সেই সংস্থাকেই ২০২৫-২৬ আইএসএল মরশুমে ৯১ ম্যাচের জন্য ৮.৬০ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব বিক্রি করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০২৪-২৫ মরসুমে ১৬৩ ম্যাচের লিগের সম্প্রচার স্বত্ব ২৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল। যা কিনেছিল জিও/ভায়াকোম। প্রতি ম্যাচের হিসেবে শতাংশের নিরিখে চুক্তির অঙ্কটা কমল ৯৫ শতাংশের মতো। গত মরসুমে যেখানে একটি ম্যাচ সম্প্রচারের পিছনে খরচ ছিল ১.৬৮ কোটি টাকার মতো।

সেখানে এবার সংক্ষিপ্ত আইএসএলের একটি ম্যাচের সম্প্রচার মূল্য কমে দাঁড়াচ্ছে ৯.৫০ লাখ টাকায়!তাতে গত ১০ বছরের তুলনায় ম্যাচ পিছু অনেক কম টাকা পাবে ফেডারেশন। ফলে ক্লাবগুলির আর্থিক লাভও কমবে।
তবে জল্পনা থাকা সত্ত্বেও এই বিডে অংশগ্রহণ করেনি দুই বড় সংস্থা সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং জি এন্টারটেইনমেন্ট।গত দু’মরশুমের সম্প্রচার সঙ্গী জিওস্টার প্রায় ৫ কোটি টাকার দরপত্র দিয়েছিল, যা ফ্যানকোডের প্রস্তাবের তুলনায় অনেকটাই কম। ফ্যানকোডের হাতে থাকছে বিশ্বব্যপী সম্প্রচার, ডিজিটাল স্ট্রিমিং এবং টিভিতে সম্প্রচারের স্বত্ব।ফ্যানকোডে ম্যাচের অনলাইন স্ট্রিমিং হলেও তাঁদের পক্ষে ব্রডকাস্টিং সম্ভব নয়। ফলে, মোবাইল ছাড়া দেখার উপায় নেই। আইএসএল ম্যাচ টেলিভিশনে সম্প্রচারের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চালাচ্ছে তাঁরা৷ শোনা যাচ্ছে, শেষপর্যন্ত সোনি নেটওয়ার্কে টিভিতে সম্প্রচার দেখাতে পারে। একইসঙ্গে ওয়ার্ল্ডফিড প্রোডাকশনের দায়িত্ব পেল কেপিএস ষ্টুডিও।এই সংস্থার প্রোডাকশনের মাধ্যমেই দেখানো হবে এই বছরের লিগ।  ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বারের আইএসএল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *