দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবরের মাঝেই বিপত্তি! পায়ে চোট সিদ্ধার্থ মালহোত্রার
দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবরের মাঝেই এ বার দুর্ঘটনা সিদ্ধার্থ মালহোত্রার! হঠাৎ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় পায়ে ‘ওয়াকিং বুট’ পরা একটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। তবে কি গুরুতর চোট পেয়েছেন তিনি? যদিও বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি সিদ্ধার্থ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে তিনি লেখেন,”ব্রেক আ লেগ কথাটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি!” তবে ঠিক কী ঘটেছে অভিনেতার সঙ্গে সেই বিষয়ে কিছু বলেনি তিনি। কয়েক দিন আগেই স্ত্রী কিয়ারা আডবাণী ও তাঁদের কন্যা সারায়াকে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর দিয়েছেন সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় যৌথ পোস্টের মাধ্যমে এই খবর ভাগ করে নেন তারকা দম্পতি। এরপর কিয়ারার সঙ্গে মেয়েকে নিয়ে ছুটি কাটানোর কিছু মুহূর্তও প্রকাশ্যে আসে। সমুদ্রসৈকতে পরিবারের পায়ের ছাপ এবং ছোট্ট সারায়ার পায়ের ছবি নজর কেড়েছিল অনুরাগীদের। তবে বরাবরের মতোই মেয়ের মুখ আড়ালে রেখেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের সূত্রপাত বলে জানা যায়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়। এ বার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অন্যদিকে, সিদ্ধার্থের ছবি ‘দ্য বন’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। ভারতীয় পুরাণ ও লোককথার প্রেক্ষাপটে তৈরি ছবিটি গত ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

