এএফসির চ্যালেঞ্জ! তৃতীয়ায় ঘরের মাঠে হাবাসের বড় পরীক্ষা, মা দুর্গার আশীর্বাদেই চোখ ৩ পয়েন্টে
দুর্গাপুজোর আবহে তৃতীয়ার দিন যুবভারতীতে বড় পরীক্ষার মুখে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইরাকের শক্তিশালী আল শোর্তা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে জয়ের লক্ষ্য নিয়েই নামতে চলেছে লাল হলুদ। আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি হারের ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই দ্রুত ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সামনে। ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচের বার্তা, প্রস্তুতির সময় কম পেলেও অজুহাত দিতে রাজি নন তিনি। ঘরের মাঠের পরিবেশকে কাজে লাগিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়াই লক্ষ্য।

হাবাসের মতে, আল শোর্তা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তাদের খেলার ধরন সম্পর্কে ধারণা পেতে একাধিক ম্যাচের ভিডিও দেখেছেন তাঁরা। তবে প্রতিপক্ষের বিদেশি ফুটবলারের সংখ্যা নিয়ে বাড়তি ভাবনা নেই তাঁর। হাবাসের বক্তব্য, মাঠে লড়াইটা শেষ পর্যন্ত এগারো জনের সঙ্গে এগারো জনের। ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলারদের দক্ষতার উপরও তাঁর আস্থা রয়েছে। নতুন বিদেশিদের মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন বলেও মনে করেন তিনি। আক্রমণভাগ নিয়ে উদ্বেগের কথা অবশ্য মানতে নারাজ লাল-হলুদ কোচ। তাঁর মতে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ফুটবলের ছবিও বদলে যায়। তাই আগের ম্যাচের সঙ্গে এই লড়াইয়ের তুলনা টানা অর্থহীন। জাতীয় দলের হয়ে ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা জয় গুপ্তাকেও আত্মবিশ্বাস জোগাচ্ছে। ক্লান্তিকে গুরুত্ব দিতে নারাজ এই ফুটবলার। বরং নিয়মিত ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়ে বলেই মনে করেন তিনি।

পুজোর মরশুমে সমর্থকদের সামনে ভাল ফল করার আশাও রয়েছে তাঁর। জয় বলেন, মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছেন, যাতে দল তিন পয়েন্ট পায়।
অন্য দিকে, আল শোর্তা কোচ সামি ত্রাবেলসিও ইস্টবেঙ্গলকে হালকা ভাবে নিচ্ছেন না। লাল-হলুদ দলে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছেন বলে মনে করেন তিনি। তবে কলকাতায় ড্র করে ফেরার পরিকল্পনা নিয়ে আসেনি ইরাকের দল। আল শোর্তার ফুটবলার বাসাম ২০১৭ সালে এই যুবভারতীতেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন। ফলে মাঠটি তাঁর কাছেও পরিচিত। সব মিলিয়ে তৃতীয়ার সন্ধ্যায় যুবভারতীতে হাবাসের সামনে শুধু কঠিন প্রতিপক্ষকে সামলানোর চ্যালেঞ্জ নয়, ডার্বির হারের পর দলকে নতুন করে জাগিয়ে তোলার পরীক্ষাও। মা দুর্গার আশীর্বাদ চেয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছে লাল-হলুদ।ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল (Photo courtesy: East Bengal)

