পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে জেনে মুখ খুলল বিসিসিআই, ম্যাচ নিয়ে মন্তব্য সৌরভেরও
অনেক নাটক শেষে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে। রাজি করানোর কোনও অনুরোধ বিসিসিআই করেনি। পুরো উদ্যোগটাই নিয়েছে আইসিসি। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ হচ্ছে এই খবর পেয়েই বিশেষ বার্তা দিল বিসিসিআই। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা এ’ব্যাপারে আইসিসিকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। তবে নামোচ্চারণ করেননি পিসিবি বা বিসিবি বোর্ডের। রাজীব শুক্লা বলেন, ‘আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে যে আলোচনা শুরু হয়েছিল, তার ফল দেখে আমি অত্যন্ত আনন্দিত। লাহোরে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে কথা বলে যে সমাধানসূত্র বের করা হয়েছে, তা প্রশংসনীয়। ক্রিকেটের স্বার্থকে সবার আগে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন,‘আইসিসির জন্য এটা একটা বড় সাফল্য। পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং শেষ পর্যন্ত কলম্বোর ম্যাচে খেলতে রাজি করানোর জন্য আইসিসি ধন্যবাদ প্রাপ্য।’
আগামী রবিবার কলম্বোয় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবে পাকিস্তান। পাক সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এই ম্যাচ ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলেও এখন খেলতে চাওয়া-এই সিদ্ধান্তকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। সৌরভ বলেন, ‘এই ব্যাপারে আমি বলতে পারব না, সরকারি স্তরে কী কথাবার্তা হচ্ছে। তবে তারা খেলছে, এটা ভালো কথা। খেলা ও রাজনীতি আলাদা বিষয়। ম্যাচটা ভালো হবে।’ ম্যাচে যে পাকিস্তানের চেয়ে ভারতই এগিয়ে থাকবে, সে ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি বলেন, ‘দারুণ ম্যাচ হবে। পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ হবে না। ভারত খুব ভালো দল।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের হেড টু হেড বিচারে অনেক এগিয়ে ভারত। ৭-১ এগিয়ে রয়েছে। এ বার ভারত জিতলে ৮-১ এ এগিয়ে যাবে।টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তাঁর মতে, ভারত নিশ্চিতভাবেই সেমিফাইনালে যাবে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকেও তিনি সেমিফাইনালের সম্ভাব্য দল হিসেবে দেখছেন। চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে রাখেননি, রেখেছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।
