দুবাইয়ে হোটেলবন্দি! অল ইংল্যান্ডে খেলাই হল না পিভি সিন্ধুর! বাকি প্রতিযোগীদের কী অবস্থা?
ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধ। মাঝে দুবাইয়ে আটকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বিমান চলাচল বন্ধ। বাড়হিম করা অভিজ্ঞতা নিয়েই হোটেলবন্দি হয়ে দিন কাটাচ্ছেন ভারতীয় শাটলার। মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন। প্রথম দিনই খেলা রয়েছে পিভি সিন্ধুর। শেষ ৩২-এ প্রতিপক্ষ থাইল্যান্ডের সুপানিদা কাতেথং। কিন্তু বার্মিংহ্যামে পৌঁছনোর কোনও ব্যবস্থাই হয়নি। দিন কাটছে দুবাইতেই। ফলে, অল ইংল্যান্ডে অংশগ্রহণ ক্রমশ অনিশ্চয়তা গ্রাস করল। সফর বাতিল করেছেন কোচ বিমল কুমারও। বাকি খেলোয়াড়রা অবশ্য সময় মতোই পৌঁছেছে বার্মিংহ্যামে।ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছেন, সিন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছে প্রয়োজনে তারা ম্যাচের সূচি পরিবর্তন করতে পারে। কিন্তু তার কোনও গ্যারান্টি কেউই দেয়নি। সবই অনুরোধের পর্যায়ে। নির্ধারিত সূচি মেনেই খেলা এগোবে। সঞ্জয় মিশ্র আরও জানিয়েছেন, আমাদের হাতে কিছুই নেই। দুর্ভাগ্যবশত সিন্ধুর খেলা হবে না বলেই মনে করা হচ্ছে।
দুবাইয়ের বিমান বন্ধ দেখে অনেক ভারতীয় খেলোয়াড়ই আর ওই পথে যাননি। অনেকেই সিঙ্গাপুর হয়ে বার্মিংহ্যাম পৌঁছেছেন। লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদেরা এরমধ্যেই অল ইংল্যান্ডে অংশগ্রহণ করবেন নির্বিঘ্নেই।
যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হওয়ায় বিশ্বজুড়ে পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠছে।এর আগেই সিন্ধু ভক্তদের জন্য সমাজ মাধ্যমে জানিয়ে ছিলেন, ‘আমরা সবাই এখন নিরাপদে আছি এবং আরও নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছি। দুবাই বিমানবন্দর কর্মী এবং কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টার জন্য এটি সম্ভব হয়েছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অব্যাহত সহায়তার জন্য দুবাইয়ে অবস্থিত ভারতীয় হাই কমিশনকেও বিশেষ ধন্যবাদ। আপাতত, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আমরা কিছুটা শিথিল হওয়ার এবং আশাবাদী থাকার চেষ্টা করছি।’
এখন দেখার, দুবাই থেকে কবে পিভি সিন্ধু অন্যত্র যেতে পারেন।
