আইপিএলের আগে সাত পাকে বাঁধা পড়ছেন ‘চায়নাম্যান’ স্পিনার, দেখা গেল কুল-চা জুটি
টি২০ বিশ্বকাপ জয়ের আনন্দের আবহ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। দীর্ঘদিনের বান্ধবী বংশিকার সঙ্গে উত্তরাখণ্ডের পাহাড়ি শহর মুসৌরিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। শুক্রবার সঙ্গীত, হলদি ও মেহেন্দির অনুষ্ঠান এরমধ্যেই হয়ে গেছে। শনিবার মূল বিয়ের সানাই বাজছে। বিশ্বকাপ ও আসন্ন আইপিএলেরব্যস্ত সূচির মাঝের ফাঁকা সময়েই ঝটপট এই বিয়ের আয়োজন সারছেন ভারতীয় দলের এই স্পিনার।

তারকায় ভরা অতিথি তালিকা
মুসৌরির ঐতিহ্যবাহী দ্য স্যাভয় হোটেলে বসেছে কুলদীপের বিয়ের আসর। প্রায় ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি তালিকায় ভারতীয় ক্রিকেটের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, রাতে অনুষ্ঠানে থাকতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহও। এছাড়াও টি২০ বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের মধ্যে রিঙ্কু সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদবদের উপস্থিত থাকার কথা। প্রাক-বিবাহ অনুষ্ঠানে এরমধ্যেই দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে। পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সুরেশ রায়না, মহম্মদ কাউফ, রবীন্দ্র জাদেজা সহ আরও অনেক ক্রিকেট ব্যক্তিত্ব।

পাহাড়ি স্বাদের রাজকীয় ভোজ
বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিয়ে বলে কথা, তাই খাবারের মেনুতেও থাকছে বিশেষ আয়োজন। উত্তরাখণ্ডের স্থানীয় স্বাদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি প্লেটের খরচ ৬ হাজার টাকারও বেশি বলে জানা গেছে। মেনুতে রয়েছে বাজরার রুটি, ঢেঁকিছাঁটা চালের ভাত, কলাইয়ের ডাল, পাহাড়ি ছোলার ডাল, শুশনি শাক, কুমাউনী রায়তা, শণবীজের চাটনি এবং শ্যামা চালের পায়েস। এছাড়া প্রাতঃরাশে রাখা হয়েছে জনপ্রিয় খাবার—ইডলি, ধোসা, ছোলা-ভাটুরা ও পোহা।

অতিথিদের জন্য এলাহি আয়োজন
বিয়েতে আসা অতিথিদের থাকার জন্য মুসৌরির একটি বিলাসবহুল হোটেলের প্রায় ৮০টি ঘর সম্পূর্ণ বুক করা হয়েছে। পাশাপাশি আরও দু’টি বড় হোটেলেও থাকার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর থেকে অতিথিদের আনা-নেওয়ার জন্যও বিশেষ গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে গোটা মুসৌরিতেই এখন উৎসবের আবহ।

কানপুরের বন্ধুত্ব থেকে পরিণয়
কুলদীপ ও বংশিকা দু’জনেই উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। শৈশব থেকেই একে অপরকে চেনেন তারা। গত বছর ৪ জুন লখনউয়ের একটি হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়। অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে সেই বন্ধুত্বই এবার পরিণয়ে রূপ নিচ্ছে।

জানা গেছে, ১৭ মার্চ লখনউয়ে আয়োজিত হবে তাদের রিসেপশনের অনুষ্ঠান, যেখানে ক্রিকেট ও রাজনৈতিক মহলের বহু তারকা ও ব্যক্তির উপস্থিত থাকার কথা।বিশ্বকাপ জয়ের পর মাঠে যেমন সাফল্যের নতুন অধ্যায় শুরু করেছিলেন কুলদীপ, তেমনই এবার ব্যক্তিগত জীবনেও শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস।
