হলদিরাম ক্রসিংয়ে নতুন ট্রাফিক মডেল! বিধাননগর পুলিশের উদ্যোগে ‘ফ্রি-ফ্লো’ গতি
উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত এলাকা রাজারহাট-গোপালপুরের হলদিরাম ক্রসিং ও ভিআইপি রোডে দীর্ঘদিনের যানজট সমস্যার অবসানে উল্লেখযোগ্য সাফল্য পেল বিধাননগর পুলিশ। এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ মোড়ে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সাফল্যের নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত ট্রাফিক মডেল। কৈখালি ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর ইনচার্জ সঞ্জয় কুমারের উদ্যোগেই সমাধান হয়েছে এই জটিলতার। নতুন এই ব্যবস্থায় হলদিরাম ক্রসিংয়ে সিগন্যাল নির্ভর ডানদিকে ঘোরার (রাইট টার্ন) ব্যবস্থা বন্ধ করে তা সরিয়ে নেওয়া হয়েছে কৈখালি সাব-ট্রাফিক গার্ড অফিসের সামনে ‘ফ্রি রাইট টার্ন’-এ। পাশাপাশি নিউটাউন থেকে আসা গাড়ির জন্য তেঘরিয়ার দিকে ‘ফ্রি লেফট টার্ন’ চালু করা হয়েছে। ছুটির দিন ও কর্মদিবস-উভয় সময়েই পরীক্ষামূলকভাবে এই পরিবর্তনের কার্যকারিতা যাচাই করা হয়েছে।

ট্রাফিক ডেটা বিশ্লেষণে দেখা গিয়েছে, এই পরিবর্তনের ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গড় গতিবেগ প্রায় দ্বিগুণ বেড়েছে। আগে যেখানে ব্যস্ত সময়ে গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৭-১৮ কিলোমিটার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-৩৫ কিলোমিটার। একইভাবে কৈখালি থেকে হলদিরাম রুটে গতি ১২ কিলোমিটার থেকে বেড়ে ২৫ কিলোমিটারের বেশি হয়েছে, যা অনেক ক্ষেত্রে ‘ফ্রি-ফ্লো’ গতির কাছাকাছি।
নতুন ট্রাফিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য
বাগুইআটি ফ্লাইওভার থেকে হলদিরাম পৌঁছতে সময় কমে হয়েছে ২ মিনিটেরও কম
কৈখালি থেকে হলদিরাম যেতে সময় লাগছে ১ মিনিটেরও কম
গড় গতিবেগ প্রায় দ্বিগুণ বৃদ্ধি (১৭-১৮ কিমি/ঘণ্টা থেকে ৩৪-৩৫ কিমি/ঘণ্টা)
‘ফ্রি রাইট’ ও ‘ফ্রি লেফট’ টার্ন চালুর ফলে সিগন্যাল নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমেছে
যান চলাচল এখন প্রায় ‘ফ্রি-ফ্লো’ পর্যায়ে পৌঁছেছে
পুলিশ প্রশাসনের এই উদ্যোগ প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত শহুরে জীবনের জটিল যানজট সমস্যারও কার্যকর সমাধান সম্ভব। নতুন এই ট্রাফিক মডেল চালুর ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রতিদিনের যাতায়াতে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ।
