ইডেনে দেখা যাবে কো-রো জুটিকে! গ্যালারির সংস্কার শুরু হলে আদৌ খেলা হবে তো?
ক্রিকেটপ্রেমীদের চোখ এখন আইপিএল ঘিরে থাকলেও, তার পরই জাতীয় দলের ব্যস্ত সূচি নিয়ে উন্মাদনা বাড়তে শুরু করেছে। ২০২৬-২৭ মরশুমের পূর্ণাঙ্গ হোম সিজনের সূচি ঘোষণা করেছে বিসিসিআই।১৭টি ভেন্যুতে মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, যেখানে রয়েছে একাধিক হাইভোল্টেজ সিরিজ। এই সূচির অন্যতম আকর্ষণ ইডেন গার্ডেন্সে ম্যাচ। নতুন বছরের শুরুতেই, ৩ জানুয়ারি ভারত বনাম জিম্বাবোয়ে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ চলার কথা রয়েছে, তবুও সিএবি স্পষ্ট জানিয়েছে, ম্যাচ আয়োজন নিয়ে কোনও সমস্যা হবে না। ধাপে ধাপে সংস্কার চলবে, ফলে সর্বোচ্চ ১০ হাজার দর্শক কমলেও খেলা আয়োজন নির্বিঘ্নেই সম্ভব।
হোম সিজন শুরু হবে সেপ্টেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়ে। এরপর ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। নতুন বছরের শুরুতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ, যার প্রথম ম্যাচই কলকাতায়। সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বর্ডার-গাভাসকর ট্রফি। ২১ জানুয়ারি নাগপুরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের এই সিরিজ, যা চলবে ৩ মার্চ পর্যন্ত। চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
এদিকে, আইপিএল শেষে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, শুভমন গিলদের। প্রধান কোচ গৌতম গম্ভীরের সামনে মূল লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করা। সূচি ঘোষণার পর থেকেই পরিষ্কার, ঘরের মাঠে আবারও ক্রিকেট উৎসবের আবহ তৈরি হতে চলেছে। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা অপেক্ষায় এখন আন্তর্জাতিক ক্রিকেটের মহারণের।
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর
• ২৭ সেপ্টেম্বর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১ম ওডিআই – তিরুবনন্তপুরম
• ৩০ সেপ্টেম্বর: ২য় ওডিআই – গুয়াহাটি
• ৩ অক্টোবর: ৩য় ওডিআই – মুলানপুর
• ৬ অক্টোবর: ১ম টি-২০ – লখনউ
• ৯ অক্টোবর: ২য় টি-২০ – রাঁচি
• ১১ অক্টোবর: ৩য় টি-২০ – ইন্দোর
• ১৪ অক্টোবর: ৪র্থ টি-২০ – হায়দরাবাদ
• ১৭ অক্টোবর: ৫ম টি-২০ – বেঙ্গালুরু
শ্রীলঙ্কার ভারত সফর
• ১৩ ডিসেম্বর: ১ম ওডিআই – দিল্লি
• ১৬ ডিসেম্বর: ২য় ওডিআই – বেঙ্গালুরু
• ১৯ ডিসেম্বর: ৩য় ওডিআই – আহমেদাবাদ
• ২২ ডিসেম্বর: ১ম টি-২০ – রাজকোট
• ২৪ ডিসেম্বর: ২য় টি-২০ – কটক
• ২৭ ডিসেম্বর: ৩য় টি-২০ – পুণে
জিম্বাবোয়ের ভারত সফর
• ৩ জানুয়ারি: ১ম ওডিআই – কলকাতা
• ৬ জানুয়ারি: ২য় ওডিআই – হায়দরাবাদ
• ৯ জানুয়ারি: ৩য় ওডিআই – মুম্বই
অস্ট্রেলিয়ার ভারত সফর
• ২১–২৫ জানুয়ারি: ১ম টেস্ট – নাগপুর
• ২৯ জানুয়ারি–২ ফেব্রুয়ারি: ২য় টেস্ট – চেন্নাই
• ১১–১৫ ফেব্রুয়ারি: ৩য় টেস্ট – গুয়াহাটি
• ১৯–২৩ ফেব্রুয়ারি: ৪র্থ টেস্ট – রাঁচি
• ২৭ ফেব্রুয়ারি–৩ মার্চ: ৫ম টেস্ট – আহমেদাবাদ
