ভেজা আউটফিল্ডে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট, কেকেআর-পাঞ্জাব ম্যাচ পরিত্যক্ত
খেলা হলে কী ফল হত, বলা মুশকিল। তবে কিং খানের সামনে তৃতীয় ম্যাচে খাতা খুলল কেকেআর। বরুণ দেবতার কৃপায় ম্যাচ ভেস্তে যেতেই জুটল ১ পয়েন্ট।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্স-এ জয়ের খরা কাটাতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। গ্যালারিতে উপস্থিত ছিলেন দলের কর্ণধার, বলিউড সুপারস্টার শাহরুখ খান। কিং খান দর্শন হলেও, কিন্তু উপভোগ্য ম্যাচ দেখার সৌভাগ্য হল না ইডেন সমর্থকদের। সোমবার রাতের প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর ও পাঞ্জাব কিংস-এর হাইভোল্টেজ ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণার ফলে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো দুই দলকে।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে টসের সময়ই তিনি জানান, দলের দুই গুরুত্বপূর্ণ স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই ম্যাচে খেলছেন না। অন্যদিকে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস হেরে বোলিংয়ের সিদ্ধান্তে খুশি ছিলেন এবং জানান তাঁদের দলে কোনও পরিবর্তন নেই।

ইডেনের উইকেটে শুরু থেকেই বল সুইং করছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে পাঞ্জাবের পেসার জেভিয়ার বার্টলেট ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দেন কেকেআরকে। একই ওভারে ফিরিয়ে দেন ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিন-কে। মাত্র ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কেকেআর। সেই সময় ইনিংস সামলানোর দায়িত্ব নেন অঙ্গকৃশ রঘুবংশী ও রাহানে।

কিন্তু কেকেআর যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই নামে প্রবল বৃষ্টি। দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ মাঠ পর্যবেক্ষণে নামেন আম্পায়াররা। পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামেন সৌরভ গাঙ্গুলি-ও। পিচ কিউরেটর সুজন মুখার্জি ও সিএবি কর্তাদের সঙ্গে আলোচনা করেও শেষরক্ষা হয়নি।
প্রায় তিন ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় মাত্র ৫ ওভারের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভেজা আউটফিল্ডে চোটের ঝুঁকি থাকায় কোনও দলই সেই ঝুঁকি নিতে চায়নি। বিশেষ করে একাধিক চোটে জর্জরিত কেকেআর শিবির।

শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। নারিন ও বরুণের অনুপস্থিতিতে কেকেআর কীভাবে ঘুরে দাঁড়াত, সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল। আর গ্যালারিতে শাহরুখ খানের উপস্থিতি সত্ত্বেও জয়হীন রাতেই হতাশ হয়ে ফিরতে হলো কেকেআর সমর্থকদের।
