প্রায় ১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন! নির্বাচনের মুখে জোর চর্চা
হয়তো কাকতালীয়! তবু নির্বাচনের উত্তাপ যেন বহুগুণ বেড়ে গেল এই এক খবরেই। দীর্ঘ ১২ বছর ১১ মাস কারাভোগের পর অবশেষে মুক্তির মুখ দেখতে চলেছেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের দায়ের করা বাকি দুই মামলাতেও তাঁর জামিন মঞ্জুর করায়, জেল থেকে মুক্তির পথে আর কোনও আইনি বাধা রইল না। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বৃহস্পতিবারই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোতে পারেন তিনি।
২০১৩ সালে বহুল আলোচিত সারদা চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। লক্ষ লক্ষ আমানতকারী তাঁদের সঞ্চয় হারান। সেই সময় সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে কাশ্মীরের সোনমার্গে আত্মগোপন করেন সুদীপ্ত সেন। পরে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ২০১৩ সালের ২৭ এপ্রিল গ্রেফতারের পর থেকে প্রায় ১৩ বছর ধরে তিনি জেলবন্দি। সুদীপ্ত সেনের বিরুদ্ধে মোট প্রায় ৩৮০-র বেশি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ৭৬টি মামলার তদন্তভার নেয় সিবিআই এবং সেই সব মামলাতেই আগেই জামিন পেয়েছিলেন তিনি। রাজ্য পুলিশের অধিকাংশ মামলাতেও তিনি জামিন পান। তবে বারাসাত থানার অধীনে থাকা দুটি মামলা এতদিন তাঁর মুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। বুধবার সেই মামলাতেও জামিন মেলায় আইনি জট কাটে।
জেল থেকেই ‘প্রিজনার্স পিটিশন’ দাখিল করে আদালতের দ্বারস্থ হন সুদীপ্ত সেন। তাঁর অভিযোগ ছিল, বহু মামলার শুনানি দীর্ঘদিন ধরে এগোয়নি এবং নিয়মিত হাজিরার সুযোগও সব ক্ষেত্রে মিলছিল না। সেই প্রেক্ষিতে আদালত সিবিআইয়ের কাছ থেকে মামলাগুলির অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করে এবং শেষে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। পাশাপাশি, সারদা সংক্রান্ত আর্থিক লেনদেন, বাজেয়াপ্ত সম্পত্তি ও আমানতকারীদের পাওনা সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণই আদালতের বিষয় এবং আদালতের সিদ্ধান্তকে সম্মান করা উচিত। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে সুদীপ্ত সেনের সম্ভাব্য মুক্তি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের মতে, বহুল বিতর্কিত এই মামলার মূল অভিযুক্তের মুক্তি রাজ্যের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে সারদা কর্তা সুদীপ্ত সেন।
