দক্ষিণ দিনাজপুরে ভোটে উৎসবের আমেজ! বুথে বুথে ভিড়, চলছে ৬ কেন্দ্রে ৫৮ প্রার্থীর ভাগ্য পরীক্ষা
সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলায় চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, ভোট। কোথাও লম্বা লাইন, কোথাও আবার উৎসবের আবহে পরিবার-সহ ভোট দিতে আসছেন সাধারণ মানুষ।
বালুরঘাট শহরের কবিতীর্থ বিদ্যানিকেতন বুথে সকাল থেকেই চোখে পড়েছে দীর্ঘ লাইন। প্রবীণ থেকে প্রথমবারের ভোটার, সকলের মধ্যেই আলাদা উৎসাহ। ভোটকে কেন্দ্র করে যেন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে।
এবারের নির্বাচনে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, পাশাপাশি রাজ্য পুলিশের নজরদারি, সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মোড়া ভোট প্রক্রিয়া। যদিও এই বাড়তি নিরাপত্তাকে স্বাগত জানিয়েছেন ভোটারদের বড় অংশ। তাঁদের মতে, শান্তিপূর্ণ ভোটের জন্য এমন ব্যবস্থাই প্রয়োজন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৫৯ হাজার ৫১৯। এর মধ্যে মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৩৯০ জন, পুরুষ ভোটার ৫ লক্ষ ৯৮ হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৩ জন। সকলেই এ দিন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সামিল হয়েছেন।
জেলার ৬টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এই ভোটে। ১,৩৯৮টি বুথে চলছে ভোটগ্রহণ, যার মধ্যে ১,২৩০টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ভোটার প্রতীতি সাহা জানান, ‘খুব সুন্দর ভাবে ভোট দিলাম। কোনও সমস্যাই হয়নি। সাধারণ মানুষের স্বার্থেই এমন নিরাপত্তা দরকার।’ একই সুর শোনা যায় ভোটার বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের কথায়ও। তিনি বলেন, ‘ভোটের ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠু। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতি আশ্বাস জোগাচ্ছে। শান্তিপূর্ণ ভোটের জন্য এই ব্যবস্থাকে স্বাগত জানানো উচিত।’
সব মিলিয়ে, উৎসবের আমেজে এবং কড়া নিরাপত্তার বলয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণের ছবিই ফুটে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলায়।
