কমনওয়েলথে নেই পাঁচ পদক-সমৃদ্ধ ইভেন্ট, ভরসা নীরজ-মীরাবাই-লভলিনারা

0



স্কটল্যান্ডের গ্লাসগোয় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ কমনওয়েলথ গেমস। ১১ দিনের এই ক্রীড়াযজ্ঞে অংশ নেবে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ৩,০০০ অ্যাথলিট। ১০টি খেলায় মোট ২১৫টি স্বর্ণপদকের লড়াই হবে। ১৯তম বার এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ভারত। সাধারণ ও প্যারা বিভাগ মিলিয়ে ১২৪ জন ক্রীড়াবিদ নিয়ে গ্লাসগোয় নামছে ভারতীয় দল। তবে এবারের অভিযান আগের আসরগুলোর তুলনায় অনেক কঠিন। কারণ কুস্তি, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং শুটিংয়ের মতো ভারতীয়দের পদক জয়ের প্রধান পাঁচটি ইভেন্টই এবারের গেমসে নেই।
২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত ৬১টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছিল। সেই পদকের সিংহভাগই এসেছিল বাদ পড়া ইভেন্টগুলি থেকে। ফলে গ্লাসগোয় সেই সাফল্যের পুনরাবৃত্তি করাটা সহজ হবে না। তাই এবারের ভারতীয় পদক-আশা মূলত অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, বক্সিং, লন বলস এবং জুডোর উপরই নির্ভর করছে।


ভারতের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে নীরজ চোপড়া। জ্যাভলিনে অলিম্পিক্সের সোনাজয়ী তারকার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন পাকিস্তানের আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিক্সে নীরজকে হারিয়ে সোনা জিতেছিলেন আরশাদ। পাশাপাশি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গাও বড় প্রতিদ্বন্দ্বী। জ্যাভলিনের পাশাপাশি ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল, লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর, দূরপাল্লার দৌড়ে গুলবীর সিং এবং রিলে দলগুলির কাছ থেকেও পদকের প্রত্যাশা রয়েছে।
ভারোত্তোলন বরাবরই ভারতের অন্যতম শক্তির জায়গা। অলিম্পিক্সে রুপোজয়ী মীরাবাই চানু এবার কমনওয়েলথ গেমসে সোনার হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে নামছেন। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স খুব ধারাবাহিক নয়, তবুও বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার জন্যই পরিচিত তিনি। তাঁর পাশাপাশি বিন্দ্যারানি দেবী ও জ্ঞানেশ্বরী যাদবের দিকেও নজর থাকবে। যদিও ডোপিং বিতর্কের জেরে ভারতের ভারোত্তোলন দল কিছুটা দুর্বল হয়েছে।
বক্সিংয়েও ভারতের ভরসা মহিলা বক্সাররা। অলিম্পিক্স পদকজয়ী লভলিনা বরগোহাঁই ইতিমধ্যেই প্রতিযোগিতায় না নেমেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। এবার তাঁর লক্ষ্য সেই পদকের রং সোনায় বদলে ফেলা। জেসমিন লাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, সাক্ষী চৌধুরি এবং অরুন্ধতী চৌধুরীর কাছ থেকেও পদকের আশা রয়েছে। পুরুষদের বিভাগে নজরে থাকবেন নরেন্দর বেরওয়াল ও শচীন সিবাচ।
এবারও ভারতের আশা জাগাচ্ছে লন বলস। বার্মিংহামে এই খেলাতেই ইতিহাস গড়ে প্রথমবার সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। পুরুষদের দলও পদক পেয়েছিল। ফলে গ্লাসগোতেও এই ইভেন্ট থেকে সাফল্যের প্রত্যাশা রয়েছে। এছাড়া জুডোতে তুলিকা মান এবং প্যারা অ্যাথলেটিক্সে সোমন রানার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের অভিযান শুরু হয়ে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই। ২৩ জুলাই লন বলসে নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন অলিম্পিক্স পদকজয়ী মীরাবাই চানু। তাঁর সঙ্গে থাকবেন অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই। এই দুই তারকার হাত ধরেই শুরু হবে ভারতের পদক অভিযানের আনুষ্ঠানিক যাত্রা।
ভারতে এই প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও দূরদর্শন স্পোর্টস। অনলাইনে খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে। ফলে গ্লাসগো থেকে ভারতের প্রতিটি পদক লড়াইয়ের সাক্ষী থাকতে পারবেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
ভারতের গুরুত্বপূর্ণ সূচি (ভারতীয় সময়)
• ২৩ জুলাই (বৃহস্পতিবার): লন বলস – দুপুর ২টা | উদ্বোধনী অনুষ্ঠান – রাত ১০.৩০
• ২৪ জুলাই (শুক্রবার): বক্সিং, জিমন্যাস্টিকস, প্যারা পাওয়ারলিফটিং, সাঁতার
• ২৫ জুলাই (শনিবার): বক্সিং, জিমন্যাস্টিকস, হুইলচেয়ার বাস্কেটবল, সাঁতার
• ২৬ জুলাই (রবিবার): ভারোত্তোলনের ফাইনাল (মীরাবাই চানুর ইভেন্ট), বক্সিং
• ২৭ জুলাই (সোমবার): অ্যাথলেটিক্স শুরু, ভারোত্তোলন, সাঁতার
• ২৮ জুলাই (মঙ্গলবার): অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, লন বলস
• ২৯ জুলাই (বুধবার): অ্যাথলেটিক্স ও ভারোত্তোলনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা
• ৩০ জুলাই (বৃহস্পতিবার): নীরজ চোপড়ার জ্যাভলিন যোগ্যতা অর্জন পর্ব, সাইক্লিং, ভারোত্তোলন
• ৩১ জুলাই (শুক্রবার): বক্সিং সেমিফাইনাল, জুডো, নীরজ চোপড়ার জ্যাভলিন ফাইনাল
• ১ অগস্ট (শনিবার): বক্সিং ফাইনাল, অ্যাথলেটিক্স, সাইক্লিং
• ২ অগস্ট (রবিবার): জুডো, সাইক্লিং | সমাপ্তি অনুষ্ঠান – রাত ১০.৩০

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *