‘পয়া’ ওয়াংখেড়েতে সঞ্জুর শতরান, মুম্বইকে উড়িয়ে বড় জয় ধোনিহীন চেন্নাইয়ের
ওয়াংখেড়ে যেন তাঁর পয়া মাঠ। সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানে ভর করে চেন্নাই সুপার কিংস একতরফাভাবেই হারাল মুম্বই ইন্ডিয়ান্সকে। ১০৪ রানের বিশাল জয়ে প্লে-অফের লড়াইয়ে গুরুত্বপূর্ণ জায়গা করে নিল চেন্নাই। উঠে এল ৫ নম্বরে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সঞ্জু।

৫৪ বলে অপরাজিত ১০১ রান করেন তিনি। ইনিংসের শেষ বলেই চার মেরে পূর্ণ করেন শতরান। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াড় (২২), ডেওয়াল্ড ব্রেভিস (২১) ও কার্তিক শর্মা ছোট অবদান রাখলেও, বড় রান পাননি কেউই। ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তোলে চেন্নাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মুম্বই। ১১ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এরপর সূর্যকুমার যাদব (৩৫) ও তিলক বর্মা (৩৭) লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
স্পিনার আকিল হোসেন মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। নূর আহমেদও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১০৪ রানে গুটিয়ে যায় মুম্বই।
কয়েক মাস আগেই এই মাঠে আন্তর্জাতিক মঞ্চে সফল হয়েছিলেন সঞ্জু। এবার আইপিএলেও সেই স্মৃতি ফিরিয়ে এনে দলকে জেতালেন তিনি।

এই জয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চেন্নাই প্লে-অফের দৌড়ে এগিয়ে গেল। অন্যদিকে বড় হারের ধাক্কায় পিছিয়ে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকরা ৮ নম্বরে।
