ইরানের বদলে বিশ্বকাপে ইতালি? ট্রাম্পের আব্দার! প্রস্তাবে ‘লজ্জাজনক’ আখ্যা ইতালির!
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিল ইরান-ইতালি প্রসঙ্গ। ইরান যদি কোনও কারণে বিশ্বকাপে অংশ নিতে না পারে, সেক্ষেত্রে তাদের পরিবর্তে ইতালিকে খেলানোর প্রস্তাব উঠলেও তা সরাসরি খারিজ করে দিয়েছে ইতালি। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের পদক্ষেপ শুধু অসম্ভবই নয়, তা একেবারেই অনুপযুক্ত। যা ইতালির পক্ষে লজ্জাজনক।
সম্প্রতি মার্কিন প্রতিনিধি পাওলো জাম্পোলি এই প্রস্তাব সামনে আনেন। তাঁর বক্তব্য, ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে দেখতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও আবেদন জানানো হয়েছে। তবে এই মন্তব্য ঘিরেই ইতালির ক্রীড়ামহলে তীব্র সমালোচনা শুরু হয়। ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়নফিগলিয়ো কড়া ভাষায় জানান, ‘যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে খেলতে হয়। অন্যভাবে সুযোগ পাওয়া আমাদের কাছে অপমানজনক।’ একই সুর শোনা গেছে ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তির গলাতেও, যিনি এই প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ২০১৪ সালের পর টানা তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। প্রতিবারই প্লেঅফে হোঁচট খেতে হয়েছে আজ্জুরিদের। সেই প্রেক্ষিতে এই প্রস্তাবকে অনেকেই ইতালির ফুটবল ঐতিহ্যের পরিপন্থী বলেই মনে করছেন। অন্যদিকে, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ সংক্রান্ত জটিলতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ফিফা সভাপতি ইনফান্তিনো আশাবাদী, নির্ধারিত সূচি অনুযায়ী ইরানই বিশ্বকাপে অংশ নেবে। এবারের বিশ্বকাপ হবে ৪৮ দলের, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। এই পরিস্থিতিতে ইরানকে ঘিরে অনিশ্চয়তা এবং ইতালিকে নিয়ে জল্পনা বিশ্বকাপের আগে নতুন মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক ফুটবল মহলে।
