হায়দরাবাদকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে কেকেআর, রঘুবংশী-রাহানে জুটিতে দাপুটে জয়

0



মরশুমের শুরুতে টালমাটাল অবস্থা। প্রথম ছয় ম্যাচে পাঁচ হার দেখে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর নামই যেন কেকেআর। রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল শাহরুখ খানের দল। সেই সঙ্গে প্লে-অফের দৌড়ে নিজেদের বাঁচিয়ে রাখল নাইটরা।


হায়দরাবাদের ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখায় কলকাতাকে। ফিন অ্যালেন ঝড় তুলে ম্যাচের রং বদলে দেন। প্যাট কামিন্সের এক ওভারে ২৭ রান তুলে চাপ বাড়িয়ে দেন প্রতিপক্ষের উপর। ১৩ বলে ২৯ রান করে ফিরলেও কাজের ভিত গড়ে দিয়ে যান তিনি। এরপর ইনিংস সামলান অধিনায়ক অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ম্যাচজয়ী জুটি গড়ে দেন। রাহানে ৩৬ বলে ৪৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে রঘুবংশী আবারও নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ৪৭ বলে ৫৯ রান করেন। তাঁর ইনিংসেই জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়।


শেষদিকে রিঙ্কু সিংয়ের ছোট ঝড় ম্যাচ দ্রুত শেষ করে দেয়। ১১ বলে ২২ রানে অপরাজিত থেকে ফিনিশিং টাচ দেন তিনি। ১৮.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।
তার আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও বড় স্কোর গড়তে পারেনি হায়দরাবাদ। অভিষেক শর্মা দ্রুত ফিরলেও ট্র্যাভিস হেড ও ঈশান কিষান পাল্টা আক্রমণ চালান। হেড মাত্র ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ঈশান করেন ৪২। কিন্তু এই দুই ব্যাটার ফেরার পরেই ধসে পড়ে ইনিংস। ৪৮ রানের মধ্যে শেষ আট উইকেট হারিয়ে ১৬৫ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। কলকাতার হয়ে দুর্দান্ত বল করেন বরুণ চক্রবর্তী। তিন উইকেট তুলে মাঝের ওভারে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। সুনীল নারিন ও কার্তিক ত্যাগী নেন দুটি করে উইকেট।
নয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এখনও অষ্টম স্থানে কলকাতা। তবে টানা তিন জয়ে নতুন করে জেগে উঠেছে প্লে-অফের আশা। এখন থেকে প্রতিটি ম্যাচই নাইটদের কাছে নকআউট, আর সেই লড়াইয়ে ছন্দে ফিরেছে কলকাতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *