ইস্টবেঙ্গলের সামনে সুবর্ণ সুযোগ, আশা ছাড়ছে না মোহনবাগান, সমীকরণে রয়েছে পঞ্জাব ও মুম্বইও
কলকাতা ডার্বিকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। মনে করা হচ্ছিল, যুবভারতীর এই ম্যাচেই হয়তো ঠিক হয়ে যাবে আইএসএল ট্রফির ভবিষ্যৎ। কিন্তু ১-১ ড্রয়ের ফলে দুই প্রধানের লড়াই আরও নাটকীয় হয়ে উঠল। শেষ রাউন্ডের আগে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থাকলেও ট্রফির অঙ্ক এখনও পুরোপুরি মেটেনি। বরং শেষ ম্যাচের আগে চারটি দলই গাণিতিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইস্টবেঙ্গল। গোলপার্থক্যে অনেকটাই এগিয়ে থাকায় শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে জয় পেলেই আর অন্য কোনও সমীকরণের দিকে তাকাতে হবে না লাল-হলুদকে। ইন্টার কাশী এই মুহূর্তে চরম সমস্যার মধ্যে রয়েছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব ছেড়েছেন, ফুটবলারদের বেতন সমস্যা নিয়েও জটিলতা রয়েছে। ফলে কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলই যে ফেভারিট হিসেবে নামবে, তা বলাই যায়।
ইস্টবেঙ্গলের সামনে কী সমীকরণ?
• ইন্টার কাশীকে হারালেই চ্যাম্পিয়ন।
• ড্র করলেও সুযোগ থাকবে, যদি মোহনবাগানও পয়েন্ট নষ্ট করে এবং পঞ্জাব-মুম্বই ম্যাচ ড্র হয়।
• হারলেও সম্ভাবনা পুরো শেষ নয়। সে ক্ষেত্রে মোহনবাগানকে হারতে হবে এবং পঞ্জাব-মুম্বই ম্যাচ অমীমাংসিত থাকতে হবে।
অন্যদিকে মোহনবাগানের সামনে রাস্তা অনেক কঠিন। দিল্লি এফসির বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, নজর রাখতে হবে ইস্টবেঙ্গলের ফলের উপরও। কারণ গোলপার্থক্যে অনেক পিছিয়ে রয়েছে সবুজ-মেরুন। ফলে শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় ছাড়া বাস্তবে তাদের সামনে আর কোনও রাস্তা নেই।
মোহনবাগানের সামনে কী সমীকরণ?
• দিল্লিকে হারাতেই হবে।
• ইস্টবেঙ্গল জিতলে, মোহনবাগানকে বিশাল ব্যবধানে জিতে গোলপার্থক্য কমাতে হবে।
• ইস্টবেঙ্গল ড্র বা হারলে সবুজ-মেরুনের সুযোগ অনেকটাই বাড়বে।
• ড্র করলে বা হারলে কার্যত শেষ হয়ে যাবে লোবেরার দলের আশা।
এই সমীকরণের মাঝেই লুকিয়ে রয়েছে পঞ্জাব এফসি ও মুম্বই সিটি এফসির সুযোগও। দুই প্রধান যদি শেষ ম্যাচে পয়েন্ট খোয়ায়, তা হলে তাদের মুখোমুখি ম্যাচ থেকেই বেরিয়ে আসতে পারে নতুন চ্যাম্পিয়ন।
পঞ্জাব ও মুম্বইয়ের সুযোগ
• দুই প্রধানের কেউ জিততে না পারলেই সুযোগ তৈরি হবে।
• নিজেদের ম্যাচে জয় পেলেই তারা ২৫ পয়েন্টে পৌঁছে যেতে পারে।
• তবে এই সমীকরণ পুরোপুরি নির্ভর করছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফলের উপর।
ফলে আইএসএলের ট্রফি লড়াই এখন একেবারে শেষ বাঁকে এসে দাঁড়িয়েছে। ডার্বি ড্র হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এখন নজর শুধু শেষ ম্যাচের দিকে, যেখানে কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যেতে পারে গোটা লিগ টেবিলের ছবি।
