স্বস্তির বার্তা! ভারতের টিভিতে দেখা যাবে বিশ্বকাপ, কোথায়? জানা যাবে খুব তাড়াতাড়ি

0



অবশেষে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ ভারতে আদৌ সম্প্রচারিত হবে কি না, সেই প্রশ্নে গত কয়েক মাস ধরে উদ্বেগে ছিলেন কোটি কোটি ফুটবলপ্রেমী। তবে শনিবার এআইএফএফ-এর প্রাক্তন সচিব সাজি প্রভাকরণের বক্তব্যে নতুন করে আশার আলো দেখল ভারতীয় ফুটবলমহল। সমাজমাধ্যমে একটি পোস্ট করে সাজি জানান, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সমস্ত আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ভারতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তাঁর কথায়, ‘দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কয়েক মাসের অনিশ্চয়তার পর ভারতীয় ফুটবল সমর্থকরা নিশ্চিন্ত থাকতে পারেন।ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ এবার ভারতে বসেই দেখা যাবে।’
এই ঘোষণার পর থেকেই স্বস্তির হাওয়া ফুটবলমহলে। কারণ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা এতটাই বেড়ে গিয়েছিল যে, অনেকেই আশঙ্কা করতে শুরু করেছিলেন ভারতীয় দর্শকরা হয়তো টেলিভিশনে বিশ্বকাপ দেখার সুযোগই পাবেন না। বিশেষ করে প্রসার ভারতী দিল্লি হাই কোর্টে স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব নেওয়া তাদের বাধ্যবাধকতার মধ্যে পড়ে না। এরপর থেকেই অনিশ্চয়তা আরও বাড়তে থাকে। মূল সমস্যার কেন্দ্রবিন্দু ছিল বিপুল অঙ্কের সম্প্রচার স্বত্বের মূল্য। জানা গিয়েছে, ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার স্বত্বের জন্য প্রথমে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিল ফিফা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু সেই বিপুল অঙ্কে কোনও সম্প্রচারকারী সংস্থা আগ্রহ দেখায়নি। পরে ফিফা সেই মূল্য কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামালেও দীর্ঘদিন কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। আরও একটি বড় কারণ ছিল ম্যাচের সময়সূচি। উত্তর আমেরিকায় বিশ্বকাপ হওয়ায় অধিকাংশ ম্যাচই ভারতে গভীর রাত বা ভোরে সম্প্রচারিত হবে। ফলে বিজ্ঞাপন ও দর্শকসংখ্যা নিয়ে সংশয়ে ছিল সম্প্রচারকারী সংস্থাগুলি। তবে সাজি প্রভাকরণের সাম্প্রতিক বার্তার পর এখন আশাবাদী ভারতীয় ফুটবলপ্রেমীরা। আগামী সপ্তাহের ঘোষণার দিকেই তাকিয়ে গোটা দেশ। কারণ এবারই প্রথম ৪৮টি দেশের অংশগ্রহণে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ, যা ইতিহাসের বৃহত্তম আসর হিসেবেই চিহ্নিত হতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *