‘নতুন সিক্স মেশিন’ বৈভব, মুগ্ধ ইউনিভার্সাল বস দিলেন নতুন নাম
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের মঞ্চে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন রাজস্থানের এই তরুণ ওপেনার। তাঁর ব্যাটে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা। আর সেই ইনিংস দেখেই বৈভবকে নতুন নাম দিলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। সমাজ মাধ্যমে গেইল লিখেছেন, ‘অসাধারণ বৈভব সূর্যবংশী! আইপিএল পেয়ে গেল নতুন এক সিক্স মেশিন।’ দ্রুততম শতরান থেকে অল্পের জন্য বঞ্চিত হওয়ায় কিশোর ব্যাটারকে সমবেদনাও জানান ক্যারিবিয়ান কিংবদন্তি। গেইলের কথায়, ‘দুর্ভাগ্যজনক! তবে খুব দ্রুতই তুমি সেই মাইলফলকে পৌঁছে যাবে।’
বৈভবের এই ইনিংস শুধু প্রশংসাই কুড়োয়নি, ভেঙেছে একের পর এক রেকর্ডও। চলতি মরশুমে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫, যা টি-টোয়েন্টি ইতিহাসে এক আসরে সর্বাধিক। এর আগে ২০১২ সালে ৫৯টি ছক্কার রেকর্ড ছিল গেইলের দখলে। উল্লেখযোগ্যভাবে, গেইল সেই রেকর্ড গড়েছিলেন ৪৫৬ বলে, আর বৈভব ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন মাত্র ২৬৬ বলে। চলতি আইপিএলে ১৫ ইনিংসে বৈভবের সংগ্রহ ৬৮০ রান। আরও বিস্ময়কর তাঁর স্ট্রাইক রেট—২৪২.৮৫। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোনও টুর্নামেন্টে ২০০-র বেশি স্ট্রাইক রেট বজায় রেখে ৬০০-র বেশি রান করার নজির গড়েছেন তিনি। এলিমিনেটরে মাত্র ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করে প্লে-অফে দ্রুততম ফিফটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন বৈভব। পাওয়ারপ্লেতেই ৮টি ছক্কা হাঁকিয়ে নতুন নজির গড়েছেন তিনি।
বৈভবের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন শচীন তেন্ডুলকরও। সমাজ মাধ্যমে শচীন লিখেছেন, বৈভবের ব্যাট সুইং এবং ফ্রন্ট ফুট সরিয়ে শট খেলার ক্ষমতা অসাধারণ। সেই প্রশংসা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বৈভব। আইপিএলের পোস্ট করা এক ভিডিয়োয় তিনি বলেন, ‘সচিন স্যরকে সবাই ক্রিকেটের ভগবান বলে। উনি আমাকে নিয়ে লিখেছেন, এটা সত্যিই গর্বের।’ রেকর্ড ভাঙা-গড়ার খেলায় এখন যেন মেতে উঠেছেন বৈভব সূর্যবংশী। আর তাঁর ব্যাটের ঝড়ে ক্রিকেটবিশ্ব ইতিমধ্যেই খুঁজে পেয়েছে ভবিষ্যতের নতুন তারকাকে।
