ভারতের বিরুদ্ধে নামার আগে ২ ম্যাচ জয় পাকিস্তানের, রেকর্ড কিউয়িদের, জিতল ডাচরা
শেষ দুই ওভারে পাকিস্তান উইকেট হারিয়েছে ৫টি। রানও উঠেছে মোটে ১৭। তারপরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাহিবজাদা ফারহানের হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ১৯০ রান তুলে ফেলে পাকিস্তান। যা রান তাড়া করে লক্ষ্যে পৌঁছতে পারেনি ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র থামে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে। তাতে ৩২ রানে জয় পায় পাকিস্তান। এই নিয়ে পরপর ২ ম্যাচে জিতল পাকিস্তান।
পাকিস্তানের অধিনায়ক সলমন আগা করেন মাত্র ১।৩২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রানে থামেন বাবর আজম। নেদারল্যান্ডস ও ইউএসএকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি খেলতে নামবে পাকিস্তান।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপে সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়লেন টিম শেইফার্ট আর ফিন অ্যালেন।তাতেই চেন্নাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।এই ম্যাচে ওপেনিংয়ে ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শেইফার্ট আর অ্যালেন। শুধু ওপেনিংয়ে নয়, টি২০ বিশ্বকাপের ইতিহাসে যে কোনো উইকেটে এটা সর্বোচ্চ জুটির রেকর্ড। এর আগে ১৭০ রানের জুটিতে এই রেকর্ডটা নিজেদের দখলে রেখেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর জস বাটলার। এই জুটিতেই ১০ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। এর আগে জোড়া ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রান তুলেছিল আমিরশাহী। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেইফার্ট ৪২ বলে ১২ চার আর ৩ ছক্কায় ৮৯ আর অ্যালেন ৫০ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে এখন নিউজিল্যান্ড।
অন্যদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জয় পায় নেদারল্যান্ডস। টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান তুলেছিল নামিবিয়া। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান করে জয় তুলে নেয় নেদারল্যান্ডস। ফলে নামিবিয়াকে ৭ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে ডাচরা।
