ঈশান-হার্দিক ঝড়ে বিশাল জয় টিম ইন্ডিয়ার, ভারত যা করল এ নজির নেই আর কোনও দেশের

0

পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে কতটা ধার ব্যাটিং-বোলিংয়ে তারই যেন পরীক্ষা ছিল টিম ইন্ডিয়ার। নামিবিয়ার বিরুদ্ধে জয় এল ৯৩ রানে। তাতে পাকিস্তানকে টপকে গ্রুপের শীর্ষস্থানে থেকেই হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামবে সূর্যকুমাররা। এই জয়ে টি২০ বিশ্বকাপে টানা ১০ জয় পেল ভারত। এই নজির নেই আর কোনও দেশের।


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে টিম ইন্ডিয়া।  যা গতবার অজিদের বিরুদ্ধে ২০৫ রানের রেকর্ড ছাপিয়ে উঠে এল তৃতীয়স্থানে। আশঙ্কা সত্যি করে অভিষেক যাদবকে ছাড়াই নামে এদিন টিম ইন্ডিয়া। ফলে, বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন সঞ্জু স্যামসন।কিন্তু বড় রান করতে ব্যর্থই হলেন।সঞ্জু ৭ বলে ২২ রানে ফেরেন। এরপরই শুরু হয় ঈশানের ঝড়। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঝাড়খণ্ডের ব্যাটার। মাত্র ৬.৫ ওভারে এদিন ১০০ রান পূর্ণ হয় ভারতের। যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম। ৬ চার ও ৫ ছক্কায় ২৪ বলে ৬১ রান করে ফেরেন ঈশান।সূর্যকুমার ১২ রানের বেশি করতে পারেননি। তিলক করেন ২৫ রান। ফলে, রানের গতি কিছুটা ধাক্কা খায়। তা আবার চাঙ্গা করে তোলেন হার্দিক পান্ডিয়া। শিবম দুবের সঙ্গে জুটিতে ৮১ রান যোগ করেন তিনি। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।৪ চার ও সমসংখ্যক ছক্কায় ২৮ বলে ৫২ করে আউট হন হার্দিক। পরের বলেই ২৩ রান করে রানআউট হন শিবম দুবে।সেই ওভারেই অক্ষর প্যাটেল ফেরেন শূন্য হাতে। ফলে, রানের গতি আবার ধাক্কা খায়। শেষ ২ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে ২০৯-এ থামে ভারতের ইনিংস।


বিশাল রান তাড়া করতে নেমে নামিবিয়ার ইনিংস শেষ হয় ১১৬ রানে। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৩ উইকেট পান। এদিন খেলেছেন জসপ্রীত বুমরাহ। যিনি ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। জোড়া উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া।একটি করে উইকেট পান অর্শদীপ ও শিবম দুবে। তাতেই হাসিমুখে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *