হলিউডে ডেবিউ ফারহান আখতারের! কোন কিংবদন্তীর চরিত্রে ধরা দেবেন তিনি?
হলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করতে চলেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। পরিচালক স্যাম মেন্ডেস পরিচালিত চার পর্বের বায়োপিক প্রজেক্ট ‘দ্য বিটলস’-এ তাঁকে দেখা যাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি রবি শঙ্করের ভূমিকায়।
ছবিটির সম্পূর্ণ নাম, ‘দ্য বিটলস – আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-কে কেন্দ্র করে, চারটি ভাগে নির্মাণ হবে এই বায়োপিক প্রজেক্ট। চারটি সিনেমায় তুলে ধরা হবে ব্যান্ডের চার সদস্যের জীবন কাহিনী। প্রযোজনা সংস্থা সোনি পিকচারস এন্টারটেইনমেন্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাস্টিং তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নাম রয়েছে ফারহান আখতার সহ হলিউড তারকা লুসি বয়ন্টন, মরফিড ক্লার্ক, হ্যারি লটেই প্রমুখদের। পরিচালক স্যাম মেন্ডেস জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ডের গল্প বড় পর্দায় নতুনভাবে তুলে ধরতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। ছবিগুলির শুটিং এ বছর শেষ হওয়ার কথা, তার পর দীর্ঘ পোস্ট-প্রোডাকশন প্রক্রিয়া শেষে ২০২৮ সালের এপ্রিল মাসে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত , এই বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’ -এর অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পণ্ডিত রবি শঙ্করের। তাঁর কাছ থেকে সেতারও শিখেছিলেন হ্যারিসন। তারপর থেকেই তিনি আকৃষ্ট হন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি, যার প্রভাব দেখা যায় বিটলসের একাধিক গানে। এই ঘটনাই প্রমাণ করে এই ছবিতে পণ্ডিতজীর চরিত্র ঠিক কতটা গুরুত্বপূর্ণ।
পণ্ডিত রবি শঙ্কর কেবল একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীই নন, তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের সংস্কৃতি ও সঙ্গীতের অন্যতম প্রধান প্রতিনিধি। তাঁর ব্যক্তিত্ব, আচার-আচরণ, সঙ্গীতের প্রতি গভীর দর্শন এবং বিশ্বব্যাপী প্রভাব পর্দায় ফুটিয়ে তোলা যে কোনও অভিনেতার পক্ষেই কঠিন কাজ। ফারহান আখতারের জন্য এই সিনেমা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।
