রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন থেকে এককদম দূরে ভারতের মেয়েরা
বাংলাদেশ পুরুষদের টি২০ বিশ্বকাপ নাও খেলতে পারে, তবে মহিলা দলকে খেলতে হবে ভারতের বিপক্ষে। বাংলাদেশকে হারিয়েই ট্রফি জেতার সুবর্ণ সুযোগ ভারতীয় ‘এ’ মহিলা দলের। রবিবার রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

ব্যাংককে টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় ভারতীয় মেয়েরা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রান গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কাবাহিনী। বল হাতে ৩.৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন রাধা যাদব। ২টি করে উইকেট পান প্রেমা রাওয়াত, তনুজা কানওয়ার।
১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নন্দিনী কাশ্যপকে হারায় ভারত। তবে দ্রুত পাল্টা আক্রমণ শানান দীনেশ বৃন্দা। মাত্র ২০ বলে ৪২ রান করে ম্যাচ নাগালে নিয়ে আসে। অনুষ্কা শর্মা করেন ২৭ রান।শেষপর্যন্ত ব্যাট হাতেও দায়িত্ব নেন রাধা। ১৮ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জয় এনে দেন তিনি।৩৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে। অধিনায়ক ফাহিমা খাতুন ৪০ রানে অপরাজিত থাকেন। জবাবে বাংলাদেশের সঞ্জিদা আখতার মেঘলার বোলিং তোপে মাত্র ৫৬ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৫৪ রানে ম্যাচ জিতে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বাংলাদেশ।
রবিবার শেষ হাসি কোন দল হাসে, তাই দেখার। মুস্তাফিজুর ইস্যুতে ভারত-বাংলাদেশ চাপানউতোরের পর এই ম্যাচ ঘিরে আকর্ষণ বেড়েছে।
