আচমকা ধারাবাহিক থেকে বাদ তন্বী লাহা রায়, কেন সরানো হল মীরাকে?
ধারাবাহিকে চরিত্র বদল বা গল্পে নতুন মোড় নতুন কিছু নয়। টিআরপি-র দৌড়ে টিকে থাকতে প্রায়শই গল্পে নানা পরিবর্তন আনতে হয় নির্মাতাদের। কখনও নতুন চরিত্রের আগমন, কখনও আবার গুরুত্বপূর্ণ চরিত্রের হঠাৎ বিদায়, এই সব মিলিয়েই এগোয় ধারাবাহিক। এবার তেমনই এক সিদ্ধান্তে চমকে গেলেন দর্শকরা। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে আচমকাই বাদ পড়লেন অভিনেত্রী তন্বী লাহা রায়।
ধারাবাহিকের শুরু থেকেই ‘মীরা’ চরিত্রে দেখা যেত তন্বীকে। গল্পের গুরুত্বপূর্ণ অংশ জুড়েই ছিল এই চরিত্রের উপস্থিতি। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁকে পর্দায় দেখা যাচ্ছিল না। অবশেষে অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, এই চরিত্রটি আর থাকছে না গল্পে।
এই প্রসঙ্গে আডিশন থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মীরা’ চরিত্রের এই হঠাৎ করেই বাদ হয়ে যাওয়া সম্পর্কে তিনিও আগে থেকে অবগত ছিলেন না। তন্বী বলেন, “ভেবেছিলাম আবার কলটাইম পাব, কদিন ছুটি কাটাচ্ছি।” কিন্তু তারপরই চ্যানেলের মিটিংয়ের পর তাঁকে জানানো হয় ‘মীরা’ চরিত্রটি আর থাকছে না।
এই চরিত্রের হঠাৎ অনুপস্থিতি মেনে নিতে পারছে না তন্বীর অনুরাগীরা, একাধিকবার তারা অনুরোধ জানিয়েছে চরিত্রটি ফিরিয়ে আনার। কিন্তু অভিনেত্রী বলেন, “মীরা আর ফিরবে না’! দীর্ঘদিন কাজ থেকে বিরতির পর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘মীরা’ চরিত্রে দেখা গিয়েছিল তন্বীকে। সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, নিজের ইচ্ছেতেই বিরতি নিয়েছিলেন তিনি। একই রকম চরিত্রের কাজ আসাতেই এমন সিদ্ধান্ত তাঁর।
বিষয়টিকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অনিশ্চয়তা সম্পর্কে ভাবতে বাধ্য হচ্ছেন অভিনেত্রী। চুক্তিতে থাকা সত্ত্বেও হঠাৎ বাদ পড়ার ঘটনা ভাবিয়েছে তাঁকে। তবে তিনি জানান প্রোডাকশন হাউসের সঙ্গে কোনও রাগারাগি নেই তাঁর।
