সংসার সামলে সারা রাত শুটিং, বিয়ের পর মধুমিতার জীবনে কি কোনও পরিবর্তন এল?

0

দেখতে দেখতে এক মাস পার। গত ২৩ জানুয়ারি মনের মানুষ দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী মধুমিতা সরকার। ৩০ দিন হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা। বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, কাজ এবং সংসার, দুটোই সমানভাবে সামলাচ্ছেন তিনি। তাঁর কথায়, “কাজও হচ্ছে, আবার একসঙ্গে সময় কাটানোও হচ্ছে।”  কাজের ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত মুহূর্তগুলো উপভোগ করছেন এই নবদম্পতি।

বিয়ের পরেই শুটিং ফ্লোরে ফিরেছেন মধুমিতা। বর্তমানে উস্তিতে, সময় কাটছে নতুন ছবি ‘অটবী’-র শুটিংয়ে। এই ছবিটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।  যেখানে পরতে পরতে রয়েছে রহস্য, রোমাঞ্চ আরও অনেক কিছু। এই ছবির নায়িকা হলেন মধুমিতা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায় ও আরিয়ান সহ একাধিক অভিনেতাকে। ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে মধুমিতা বলেন, “এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে আমার খুব ভালো লাগে। আমি নিজেও চাইতাম এমন কোনও কাজের অংশ হতে। এই ছবিটা করতে পেরে খুব ভালো লাগছে, তবে চরিত্রটা আমার জন্য একটু কঠিন।”

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী। কলকাতার বাইরে যেমন শুটিং হয়েছে, তেমনই শহরের মধ্যেও কিছু নতুন লোকেশনে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা তাঁর কাছে আনন্দের বলেই জানিয়েছেন নায়িকা। এত কিছুর মধ্যে দর্শককে ধন্যবাদ জানাতে ভোলেননি নায়িকা। এই বছর আরও নতুন কাজ নিয়েও ব্যস্ত থাকবেন অভিনেত্রী। ইতিমধ্যেই আরও দু’টি ছবির বিষয়ে কথা প্রায় চূড়ান্ত হয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। এছাড়াও কলকাতার বাইরেও একটি কাজের শুটিং রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মাঝে তাঁকে দেখা যাচ্ছিল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে। তবে সেই গল্পে অনেকটাই পরিবর্তন হয়েছে। রাতারাতি মধুমিতা এবং নীল ভট্টাচার্যের কাহিনি শেষ হয়ে যাওয়ায় অনেকে প্রশ্নও তুলেছিলেন। তবে সেই দিন এ প্রসঙ্গে সে ভাবে কোনও মন্তব্য করেননি নায়িকা।

কবে আবার ধারাবাহিকে ফিরবেন মধুমিতা? এই প্রশ্ন করা হলে নায়িকা জানিয়েছেন, আপাতত সিনেমার কাজগুলো শেষ করার পরই তিনি ধারাবাহিকে ফেরার কথা ভাববেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *