একজনের কাছেই থরহরি কম্প! ভূস্বর্গের পেসার আকিব নবির কাছে সব পিচই যেন স্বর্গ! কে এই আকিব?
লেট সুইংয়ে বল লাফিয়ে উঠে লোকেশ রাহুলের ব্যাটে চুমু খেয়ে জমা পড়ল কিপারের গ্লাভসে। আবার ভেতরে ঢোকা বলের কোনো কূল-কিনারা না পেয়ে স্টাম্প উড়ে যেতে দেখলেন করুণ নায়ার। কেবল ফাইনাল নয়, গোটা রঞ্জি মরশুমে অবিশ্বাস্য গড়ে উইকেট তুলছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। ভূস্বর্গেই এই বোলারের কাছে দেশের যে কোনও পিচই যেন স্বর্গ।

গোটা রঞ্জি ট্রফিতে ১৭ ইনিংসে বল করে ৬০ উইকেট নিয়েছেন আকিব। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে এক মরশুমে ৬০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। চোখধাঁধানো তাঁর বোলিং গড়। মাত্র ১২.৫৬! স্ট্রাইকরেটও দুর্দান্ত। প্রতি ২৮ বলে পেয়েছেন একটি করে উইকেট। এবারের রঞ্জিতে ৭ বার পাঁচ উইকেট শিকার করেছেন। আকিব রঞ্জির ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও তিনি ম্যাচজয়ী বোলিং করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছিলেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনিই।

২৯ বছর বয়সী আকিব অবশ্য ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন কেউ নন। ২০২০ সালে প্রথম শ্রেণীতে অভিষেকের পর ৪০ ম্যাচে ১৫১ উইকেট তুলেছেন। তবে এবারের মরশুম তাঁর কেরিয়ারে সত্যিই বিশেষ। দুই দিকেই সুইং করাতে পারা এই পেসারকে ভারতের টেস্ট দলে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে।২০২৬ সালের আইপিএল মরশুমের জন্য দিল্লি ক্যাপিটালস এই ডানহাতি পেসারকে ৩০ লাখের দাম থেকে ৮.৪ কোটি টাকায় কিনেছে।

কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলের স্কুলশিক্ষকের ছেলে আকিব পরিবারের বিরুদ্ধে লড়াই করে ক্রিকেটে দেখছেন সফলতার মুখ। চরম প্রতিকূল পরিবেশে দারুণ লড়াইয়ের মানসিকতা আর ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে আজ ভারতের সর্বোচ্চ মঞ্চে নিয়ে এসেছে। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে দীনেশ কার্তিক প্রত্যেকেই ভারতীয় দলে সুযোগের কথা জানিয়েছেন। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে এক্স-এ লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখিয়ে দিয়েছে চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে কী করা যায়! ওরা ওদের রাজ্যকে গর্বিত করেছে। কঠিন পরিস্থিতি মানুষকে আরও কঠোর ও শক্ত করে তোলে। আকিব নবি দেশের জার্সিতে খেলার পথে এগিয়ে চলেছে। গ্রীষ্মে ইংল্যান্ড সফর থেকেই তার শুরু হওয়া উচিত।’ নিজের এই পোস্টে সৌরভ বিসিসিআই এবং প্রধান নির্বাচক অজিত আগরকর-কেও ট্যাগ করেছেন।
প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক আবার লিখেছেন, ‘এই রঞ্জি ট্রফি অভিযানটি দেখে আমি নিশ্চিতভাবে একটি কথা বলতে পারি যে, দেশের প্রতিনিধিত্ব করতে চাইছে এমন সমস্ত তরুণ ছেলেমেয়েদের জন্য আকিব নবী একটি উদাহরণ। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার এবং প্রায় একাই ঘরোয়া টুর্নামেন্ট জেতা, যা জাতীয় দলে প্রবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফিটনেস, দীর্ঘ স্পেল, বিভিন্ন পিচে বোলিং, আবহাওয়া, এবং কোনও পেসারের জন্য কোনও সাহায্য থাকুক বা না থাকুক, তিনি তাঁর দলের জন্য সর্বদাই বিশ্বাসের সঙ্গে আছেন। আকিব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি একজন চ্যাম্পিয়ন এবং আশা করি, তুমি আগামীদিনে অনেক সাফল্য পাবে’।
