মধ্যপ্রাচ্যে যুদ্ধ! দেশে ফিরেও দুশ্চিন্তায় পিভি সিন্ধু! টি২০ বিশ্বকাপ থেকে দেশে ফিরতে বিপাকে বিভিন্ন দেশ!
শিয়রে বিপদ! মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাত ছড়িয়ে পড়ায় সবকিছুতেই যেন বিপদসঙ্কেতের সাইরেন বাজতে শুরু করেছে। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে, ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দুবাই বিমানবন্দরেই আটকে গিয়েছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। কয়েকদিন দুবাইতে হোটেলবন্দি থাকার পর ফিরতে পেরেছেন। নিরাপদে দেশে ফিরতে পেরেও দুশ্চিন্তা কাটেনি। কারণ, অল ইংল্যান্ডে খেলা হয়নি তাঁর। সামনে আবার সুইস ওপেন। সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে পরবর্তী সুপার ৩০০ টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সিন্ধু চরম সংশয়ে।সিন্ধু বলেছেন, ‘সুইস ওপেনেও আমার অংশগ্রহণ নিশ্চিত নয়। কারণ সেখানে যেতে হলেও আমাকে দুবাই হয়েই যেতে হবে। আর দুবাইয়ে যাওয়াটা এই মুহূর্তে কতোটা ঝুঁকির, সেটা অজানা নয় কারও। তাই আমি চেষ্টা করছি বিকল্প পথে পৌঁছনোর। কিন্তু সমস্ত বিমান আপাতত ভর্তি। তাই আশা রাখছি আগামী কয়েকদিনে পরিস্থিতি বদলাবে।কিছু একটা ব্যবস্থা হবে। তাই আশা রাখা ছাড়া উপায় নেই।’

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের প্রভাবে টি২০ বিশ্বকাপে বিদায় হওয়ার পরও বিভিন্ন দেশ ফিরতে সমস্যায় পড়ছেন। আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে বিস্তর। জিম্বাবোয়ে দলটার সোমবার দিল্লি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে হারারে ফেরার কথা ছিল, তা স্বাভাবিকভাবেই বাতিল করতে হয়েছে। অপেক্ষা বেড়েছে ভারতেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থায় নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের দলও ভারতেই আটকে, ফিরতে দেরী হবে।ফলে কলকাতাতেই রয়েছেন হেটমায়াররা। আকাশপথে ভারতের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যোগাযোগ স্থাপনে পশ্চিম এশিয়ার একাধিক বড় বড় ট্রানজিট হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যুদ্ধ পরিস্থিতিতে সেইসব ট্রানজিট হাবগুলোর সবক’টি আপাতত বন্ধ।তাই পরিস্থিতি জটিল। আপাতত ভারত থেকে বেশ কিছু উড়ান চালু হয়েছে। আশা, দ্রুত সমস্যার সমাধান হবে।

