বন্ধ হল না গান, চলল কনসার্ট, মঞ্চে তার মাঝেই চোখ ছলছল সুনিধির, কেন?
লখনউয়ের একটি কনসার্টে গান গাইতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। অনুষ্ঠানের মাঝেই দর্শকের সামনে জানালেন, তাঁর গলার অবস্থা ভীষণ খারাপ। গায়িকার স্বর এতটাই খারাপ যে ঠিক মতো গান গাইতেও অসুবিধা হচ্ছিল তাঁর। কথা বলতে বলতে চোখে জলও চলে আসে গায়িকার। তবুও ভক্তদের কথা ভেবে মঞ্চ ছেড়ে যেতে চাননি তিনি।
৭ মার্চ লখনউয়ের ‘কুলব্রিজ’ রিসর্টসে আয়োজিত কনসার্টে গান গাইছিলেন সুনিধি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স থামিয়ে দর্শকের উদ্দেশ্যে তিনি বলেন,”আমার গলার অবস্থা খুব খারাপ। মঞ্চে উঠলে আমি সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ তা পারছি না।” এ কথা বলে খানিকটা অস্বস্তিও প্রকাশ করেন গায়িকা। দর্শকের কাছে ক্ষমাও চান তিনি। তবে একই সঙ্গে জানান, দর্শকরা পাশে আছেন জেনেই তিনি চেষ্টা চালিয়ে যাবেন। চোখের জল সামলেই আবার গান শুরু করেন সুনিধি, আবেগঘন হয়ে ওঠে তাঁর ভক্তরা, করতালির মাধ্যমে উৎসাহ দেয় তাঁকে। গলার সমস্যার মধ্যেও পুরো অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য অনেকেই গায়িকার পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, এই কনসার্টটি ছিল সুনিধি চৌহানের চলতি সর্বভারতীয় সঙ্গীত সফর ‘আই অ্যাম হোম ট্যুর ২০২৫-২৬’-এর একটি পর্ব। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর মুম্বই থেকে শুরু হয় এই ট্যুর। এরপর একে একে দিল্লি, বেঙ্গালুরু, অহমেদাবাদ এবং চেন্নাইসহ একাধিক শহরে লাইভ পারফরম্যান্স করেছেন তিনি। এই ট্যুরের শেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আগামী ১৪ মার্চ অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে তাঁর।
