সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা রশ্মিকার, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নায়িকার?

0

সদ্যই রাজকীয়ভাবে বিয়ে সেরেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। বিয়ের দ্বিতীয় সপ্তাহ কাটতে না কাটতেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হওয়া একটি পুরনো অডিও ক্লিপকে ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই ঘটনাকে কেন্দ্র করেই কড়া জবাব দিলেন রশ্মিকা, আইনি পদক্ষেপ করতে  পারেন বলেও জানিয়েছেন তিনি।

ভাইরাল অডিওতে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের একটি পুরনো প্রসঙ্গ উঠে এসেছে যা প্রায় আট বছর আগের ঘটনা। শুধুমাত্র তাই নয়, অডিওটিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, এমনই দাবি রশ্মিকার। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়তেই নীরবতা ভেঙে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি দীর্ঘ বার্তায় রশ্মিকা জানান, বর্তমানে যে অডিওটি ঘুরছে সেটি আসলে বহু বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অংশ। তাঁর দাবি, প্রায় আট বছর আগে হওয়া সেই আলাপচারিতা অনুমতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল এবং এখন তার একটি ছোট অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিনেত্রীর মতে, এভাবে একটি ব্যক্তিগত আলোচনার অংশকে বিকৃতভাবে তুলে ধরে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

রশ্মিকা আরও জানান, গত কয়েক বছর ধরেই তাঁর বিরুদ্ধে নানা ভুয়ো তথ্য, ভুল ব্যাখ্যা এবং প্রচার চালানো হয়েছে। এত দিন তিনি এসব বিষয়ে নীরব থাকাই শ্রেয় মনে করেছিলেন। কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলেই মনে করছেন অভিনেত্রী। এতে শুধু তাঁকেই নয়, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে সম্পর্কে থাকা বেশ কয়েকজন মানুষকেও অযথা বিতর্কের মধ্যে টেনে আনা হয়েছে।

অভিনেত্রী তাঁর বিবৃতিতে পরিষ্কার লেখেন, “আমি সব সময় নিজের কাজের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি, কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করে চলেছে, তাই আমি আর চুপ থাকতে পারি না। ”
এই পরিস্থিতিতে রশ্মিকা ডিজিটাল মাধ্যমগুলিকে অনুরোধ করেছেন অবিলম্বে ওই অডিও ক্লিপ এবং তাঁর সঙ্গে সম্পর্কিত সমস্ত কনটেন্ট মুছে ফেলতে। তিনি স্পষ্ট করে জানান, তাঁর এই বিবৃতি প্রকাশের পর ২৪ ঘণ্টার মধ্যে যদি সেই কনটেন্ট সরানো না হয়, তাহলে তিনি আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনি নোটিসও পাঠানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *