‘কপালে গুলি করব’, ‘টাটেরি’ বিতর্কে র্যাপার বাদশাকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের
গান ‘টাটেরি’ প্রকাশের পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় র্যাপার ও গায়ক বাদশা। এই গানটির জন্য তাঁর বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়েছিল হরিয়ানার মহিলা কমিশনের তরফ থেকে। এবার সেই বিতর্কের মাঝেই তাঁর উদ্দেশ্যে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি পোস্টের স্ক্রিনশট, সেই পোস্টে হিন্দি ভাষায় লেখা ছিল, “গায়ক বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালে তোমাকে ক্লাবে ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি কপালে গুলি করব।” জানা গিয়েছে, এই ফেসবুক পোস্ট রণদীপ মালিক এবং অনিল পন্ডিত নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই দুই ব্যক্তিই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।
শুধু হুমকিই নয়, ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, পানিপথে ‘গ্যারি ও শ্যাঙ্কির’ অফিসে সম্প্রতি যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, তার দায়ও বিষ্ণোই গ্যাং-এর দুজনেরই।
উল্লেখ্য, বাদশার সাম্প্রতিক গান ‘টাটেরি’ ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। গানের একটি অংশ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এই গানের মাধ্যমে হরিয়ানার নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে এবং স্থানীয় সংস্কৃতিকেও অবমাননা করা হয়েছে। হরিয়ানার মহিলা কমিশনের তরফে অভিযোগ দায়ের করার পাশাপাশি হরিয়ানার মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া গায়কের গ্রেফতারি চেয়ে সরব হন।
বিতর্ক বাড়তে থাকায় হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই এই গানটিকে ঘিরে একটি এফআইআর দায়ের করেছে। পাশাপাশি বাদশার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি আরও জটিল হওয়ায় শেষ পর্যন্ত বাদশা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চান এবং জানান, তিনি কারও অনুভূতিতে আঘাত করতে চাননি।
