অস্কারমঞ্চে প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে স্প্যানিশ অভিনেতার ‘ফ্রি প্যালেস্তাইন’ মন্তব্য, চর্চায় দেশি গার্ল
২০১৬ সালে, অস্কারের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ বার দীর্ঘ ১০ বছর পর, অভিনেত্রীকে আবারও উপস্থাপক হিসেবে দেখা গেল অস্কারমঞ্চে। আর সেখানেই তৈরি হল এ বারের অস্কারমঞ্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিবাদী মুহূর্ত। প্রিয়াঙ্কার সঙ্গে মঞ্চে এসে সেরা আন্তর্জাতিক ছবির ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেম প্রবেশ করতেই সবার দৃষ্টি পড়ে তাঁর পরনের ব্লেজারের দিকে। সেখানে দুটি ব্যাজের একটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘নো ওয়ার’, আরেকটিতে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্তাইন’।
এরপর মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার ঘোষণার আগে, তিনি বলেন, “নো টু ওয়্যার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন”। তাঁর এই মন্তব্যের সময় পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কাকে হাসতে দেখা যায়, পরে তিনি হালকা মাথাও নাড়েন। দর্শক প্রশংসায় হাততালিতে ভরিয়ে দেন। এই মুহূর্তের ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই বারডেমের বক্তব্যকে সমর্থন করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, এই মন্তব্যের সময় প্রিয়াঙ্কা কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “আমি নিশ্চিত, প্রিয়াঙ্কা রেগে গিয়েছিলেন” আরেকজনের মন্তব্য, “প্রিয়াঙ্কা চোপড়া অস্বস্তিতে লাগছিল যখন তিনি ওটা বললেন।” আবার কেউ লিখেছেন, “প্রিয়াঙ্কাকে হতাশ ও অসন্তুষ্ট দেখাচ্ছে কেন?”, এমন নানা প্রতিক্রিয়ায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
সেরা ছবির জন্য এ বার অস্কার ঝুলিতে পুরেছে নরওয়ের ছবি ‘সেন্টিমিটার ভ্যালু’। এর আগে চলতি বছরের BAFTA অ্যাওয়ার্ডসেও ছবিটি ‘ফিল্ম নট ইন দ্যা ইংলিশ ল্যাঙ্গুয়েজ’ বিভাগে পুরস্কার জিতেছিল। ফলে আন্তর্জাতিক মহলেও ছবিটি ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে।
এ বছর কোনও ভারতীয় ছবি চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা করতে পারেনি। করণ জোহরের প্রযোজনায় তৈরি ‘হোমবাউন্ড’ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো হলেও শেষ পর্যন্ত চুড়ান্ত তালিকায় জায়গা হয়নি।
এছাড়াও ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং ‘তানভী দ্যা গ্রেট’-এর মতো কয়েকটি ভারতীয় ছবি বিভিন্ন বিভাগে যোগ্যতা অর্জন করলেও শেষ পর্যন্ত মূল দৌড়ের অনেক আগেই ছিটকে গিয়েছে।
