শহরে চলে এলেন রাহানে-ওয়াটসন! জল্পনা থামিয়ে কেকেআর ঘোষণা করে দিল অধিনায়কের নামও
জল্পনা চলছিলই। আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দলের অধিনায়ক হিসেবে ফের অজিঙ্কা রাহানের উপরেই আস্থা রাখল শাহরুখ খানের দল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করার পরই কলকাতায় এসে পৌঁছেলেন রাহানে। তাঁর সঙ্গে শহরে এসেছেন সহকারী কোচ শেন ওয়াটসনও।

গত আইপিএলেও রাহানের নেতৃত্বেই খেলেছিল কেকেআর। যদিও সে বার দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি-লিগ টেবিলে আট নম্বরে শেষ করতে হয়েছিল নাইটদের। তবুও অভিজ্ঞতার উপর ভরসা রেখে এবারও রাহানেকেই দায়িত্ব দিল টিম ম্যানেজমেন্ট। অধিনায়কত্বের দৌড়ে রিঙ্কু সিংয়ের নামও উঠে এসেছিল। তরুণ এই ক্রিকেটার গত কয়েক মরশুমে ব্যাট হাতে নজর কেড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষানিরীক্ষার পথে না হেঁটে অভিজ্ঞ রাহানেকেই বেছে নিল কেকেআর। কোচ অভিষেক নায়ারের পরামর্শও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় দলে এখন নিয়মিত সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন রাহানে। আইপিএলের মঞ্চেও তাঁর অভিজ্ঞতা ও স্থিরতা দলের কাছে বড় সম্পদ বলেই মনে করছে ম্যানেজমেন্ট।
এ বার কেকেআরের দলগত ভারসাম্যও বেশ শক্তিশালী। ব্যাটিং ও স্পিন বিভাগে রিঙ্কু সিং, সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল এবং বরুণ চক্রবর্তীর মতো তারকারা রয়েছেন। তবে পেস বোলিং বিভাগে কিছুটা চিন্তার কারণ তৈরি করেছে হর্ষিত রানার চোট। যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী, তিনি সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন না এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, যা নিঃসন্দেহে স্বস্তির খবর। সব মিলিয়ে, নতুন মরশুমের আগে নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রেখে এবং অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে আইপিএল ২০২৬-এ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্স।
