নজিরবিহীন রায়ে ২ মাস পর চ্যাম্পিয়ন বদল! সেনেগালের ট্রফি কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন!
আফ্রিকা কাপ অব নেশনস ফাইনাল ঘিরে নজিরবিহীন সিদ্ধান্তে তোলপাড় আন্তর্জাতিক ফুটবল মহল। মাঠে জেতা ম্যাচ, হাতে ওঠা ট্রফি—সবই দুই মাস পরে কেড়ে নেওয়া হল সেনেগালের কাছ থেকে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আপিলের রায়ে মরক্কোকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।

কী ঘটেছিল ফাইনালে?
গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে পাপে গুয়ের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল সেনেগাল। ম্যাচের শেষদিকে মরক্কোর একটি পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে কোচ পাপে থিয়াওয়ের নেতৃত্বে সেনেগাল দলের খেলোয়াড়রা কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে চলে যান। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর অধিনায়ক সাদিও মানের হস্তক্ষেপে ম্যাচ পুনরায় শুরু হয়।

কী বলছে সিএএফ?
প্রাথমিকভাবে জরিমানা হলেও ম্যাচের ফল অপরিবর্তিত রাখা হয়েছিল। কিন্তু আপিলের পর সিএএফ জানায়—
১) মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন
২) সেনেগালকে ‘ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে গণ্য
৩) ফলাফল বদলে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা।
এই রায়ের ফলে ১৯৭৬ সালের পর প্রথমবার আফ্রিকার সেরা দলের তকমা পেল মরক্কো।
ঘটনায় ক্ষোভে ফুটবল বিশ্ব
সিএএফ-এর এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে সেনেগাল শিবির। ডিফেন্ডার মুসা নিয়াখাতে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ওরা পাগল হয়ে গেছে।’ লেফট ব্যাক এল হাজি মালিক দিওফের প্রতিক্রিয়া, ‘এটা আশা করিনি, শিরোপা কোথাও যাবে না।’ প্রাক্তন কোচ আলিউ সিসে কটাক্ষ করে বলেন, ‘এটা কি এপ্রিল ফুলের মজা?’
এরপর কী?
এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত-এ আপিল করার পথে হাঁটছে সেনেগাল। তবে সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে প্রায় এক বছর। এদিকে দুই দলই অংশ নেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে। মরক্কো ও সেনেগাল, দু’দলকেই ঘিরে এখন বাড়ছে কৌতূহল ও উত্তেজনা। মাঠের লড়াই শেষ হলেও, আফকন ফাইনালের এই বিতর্ক এখনো শেষ হয়নি। ফুটবল দুনিয়া তাকিয়ে—শেষ পর্যন্ত বিচার কোথায় গিয়ে দাঁড়ায়!
