উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ইউরোপের সেরা ক্লাবগুলো! কোয়ার্টারে রিয়াল-পিএসজির সামনে কঠিন চ্যালেঞ্জ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের ফিরতি লেগ শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ। ৩৬ দল নিয়ে শুরু হওয়া ইউরোপসেরার এই আসরে এখন টিকে আছে মাত্র আটটি দল, যারা ট্রফির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে মরিয়া। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি ও স্পোর্টিং সিপি। বুধবার তাদের সঙ্গে যোগ দেয় বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে শক্তিশালী দলগুলোর সমন্বয়ে জমে উঠেছে শেষ আটের লড়াই।ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে পিএসজি ও লিভারপুলের মধ্যে। শেষ ষোলোতে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে উড়িয়ে দেয় পিএসজি। অন্যদিকে গালাতাসারেকে ৪-১ এগ্রিগেটে হারিয়ে কোয়ার্টারে উঠে লিভারপুল। ফলে দুই ইউরোপীয় পরাশক্তির এই দ্বৈরথ ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোতে ম্যাঞ্চেস্টার সিটিকে ৫-১ ব্যবধানে হারিয়ে রিয়াল তাদের শক্তির জানান দিয়েছে। বায়ার্নও আতালান্তাকে ১০-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের পারফরমেন্স প্রমাণ করেছে। ফলে প্রাক্তন দুই চ্যাম্পিয়নের এই লড়াইকে আগাম সেমিফাইনাল হিসেবেই দেখছেন অনেকে। স্প্যানিশ দুই ক্লাব বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে। শেষ ষোলোতে নিউক্যাসলকে ৮-৩ ব্যবধানে হারায় বার্সা, আর টটেনহ্যামকে ৭-৫ এগ্রিগেটে বিদায় করে অ্যাটলেটিকো। ফলে ইউরোপের মঞ্চেও লা লিগার এই দ্বৈরথ বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। তারা কোয়ার্টারে খেলবে পর্তুগালের স্পোর্টিং সিপির বিপক্ষে। শেষ ষোলোতে বায়ার লেভারকুসেনকে ৩-১ ব্যবধানে হারায় আর্সেনাল, আর বোডো/গ্লিমটকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে স্পোর্টিং।বিশেষজ্ঞরা মনে করছেন, সেমিফাইনালে উঠার পথে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়বে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং রেকর্ড ১৫ বারের ট্রফিজয়ী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বার্সেলোনা ও আর্সেনাল।চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। এরপর ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে সেমিফাইনালের দুই লেগ অনুষ্ঠিত হবে। শেষে ৩০ মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ মরশুমের ফাইনাল।
কোয়ার্টার ফাইনালের সূচি:
১. পিএসজি বনাম লিভারপুল
২. রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
৩. বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
৪. স্পোর্টিং সিপি বনাম আর্সেনাল
