‘শুভস্মিতা খুব লড়াকু মেয়ে’ নায়িকার জন্মদিনে কোন বিশেষ পরিকল্পনার কথা জানালেন সৌরভ?

0


২৩ মার্চ , অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর সহ অভিনেতা সৌরভ চক্রবর্তী একটি আদুরে পোস্ট করেন। এই বিশেষ দিনে কী পরিকল্পনা রয়েছে অভিনেতার?

সহ-অভিনেত্রীর জন্মদিনে কী শুভেচ্ছা বার্তা দিতে চাইবেন অভিনেতা? সৌরভ বলেন, ‘ওর জীবন দারুণ হোক। ওর সব ইচ্ছা সব পূরণ হয়। শুভস্মিতা খুব লড়াকু মেয়ে তাই একটাই কথা বলব এই লড়াই সারাজীবন জারি থাক কিন্তু তাতে ক্লান্তি না আসুক।’

উপহার হিসাবে শুভস্মিতাকে কী দিলেন? সেটা যদিও জানাতে চাননি অভিনেতা। তিনি বলেন, ‘উপহার নিশ্চই দিয়েছি তবে কী দিয়েছি সেটা নাইবা বললাম, উপহার দিয়ে সেটার ব্যাপারে বলা খারাপ দেখায়’। তবে কোনও রিটার্ন গিফট পাননি সৌরভ? এই কথা শুনে অভিনেতার স্পষ্ট জবাব, ‘ছোটবেলায় এসবের আশা রাখতাম এখন রাখি না, এই বিষয়টা আমার বিশেষ একটা পছন্দ নয়। যাঁর বিশেষদিন আজ উপহার সেই পাক। আমার বিশেষদিনে আমি পাবো।’

শুভস্মিতার বিশেষ দিন কীভাবে উদযাপন করবেন পর্দার ‘ঝাঁপি’ এবং ‘দীপ’? অভিনেতা জানান রবিবার রাতেই কাছের কিছু বন্ধুদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে অভিনেত্রীর।  আর বিশেষ কোনও প্ল্যান জানা যায়নি।

পর্দার জনপ্রিয় জুটি ‘ঝাঁপি’ এবং ‘দীপ’-এর বাস্তব জীবনের প্রেমের সম্পর্কের গুঞ্জন প্রায়ই শোনা যায়, সেই বিষয়ে অভিনেতাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘দর্শক ‘ঝাঁপি’ এবং ‘দীপ’- কে দেখতে অভ্যস্ত। আমরা ধন্য যে, মানুষ আমাদের নিজের মনে করে এতটা আপন করে নিয়েছে। এই জুটির সঙ্গে তাঁরা যাপন করেন। এই যাপন আরও দীর্ঘজীবী হোক। আমাদের আরও ভালবাসা দিক।’

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌরভ বলেন, ‘এই বিষয় এই মুহূর্তে কোনও কথা বলব না। মানুষ যে আমাদের একসঙ্গে দেখতে চায় এতেই আমরা খুশি। এটা আমাদের বড় পাওয়া, যে মানুষ আমাদেরকে এতটা আপন করে নিয়েছে। কারণ আপন করে নেওয়াটা তো খুব কঠিন কাজ কেউ চট করে কারও আপন হতে পারে না, তাই মানুষ যে এত সুন্দর করে আমাদেরকে গ্রহণ করেছে এবং আমাদের প্রত্যেক দিনের খোঁজ খবর তাঁরা রাখেন, তাঁরা আমাদের ভাল চায় এই চাওয়া গুলো বড় তৃপ্তি দেয়, আনন্দ দেয় এবং খুব ভরাট লাগে নিজেদের।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *