বিটিএস-এর জাংকুক ছুটে এলেন অরিজিৎ সিংয়ের কাছে! গোপনে কী তৈরি হল?
অরিজিৎ সিং আবারও আলোচনার কেন্দ্রে। বলিউড বা টলিউডের গান নয়, তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মঞ্চেই। বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস -এর সদস্য জাংকুক-এর সঙ্গে তাঁর সম্ভাব্য গানের প্রজেক্ট নিয়ে সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল জল্পনা।সম্প্রতি জাংকুকের শেয়ার করা একাধিক ছবিতে অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি সামনে আসে। কখনও একসঙ্গে খাবার টেবিলে, কখনও গিটার হাতে জাংকুকের সুরে ডুবে থাকা অরিজিৎ, মিউজিক রুমে তাঁদের উপস্থিতি – সমাজ মাধ্যমে এই ছবি গুলি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেরদের। তাতে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টায় তাঁরা। জাংকুক নিজেই জানিয়েছেন, গোপনে ভারতে এসে শুধুমাত্র গানের কাজের জন্যই তিনি অরিজিৎ সিংয়ের সঙ্গে সময় কাটিয়েছেন ও “বিশেষ কিছু” তৈরি করেছেন। এই মন্তব্য ঘিরেই এখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।ইনস্টাগ্রাম পোস্টে জাংকুক লেখেন, ‘এটা বেশ কিছুদিন ধরে গোপন রাখতে চেয়েছিলাম… আমি কাউকে না জানিয়ে ভারতে এসেছিলাম। কোনো শোয়ের জন্য নয়, ক্যামেরার জন্যও নয়। শুধু গানের জন্য। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা হলো, আমরা একসঙ্গে বসে কথা বলেছি, স্মৃতি ভাগ করেছি এবং বিশেষ কিছু তৈরি করেছি।’

উল্লেখযোগ্যভাবে, এড শিরান-এর পর জাংকুককে সঙ্গে দেখে ভক্তদের মধ্যে বাড়ছে প্রত্যাশা, এবার হয়তো বিদেশি মিউজিক প্ল্যাটফর্মেও অরিজিৎ সিং তাঁর সুরের জাদুতে বিশ্ব কাঁপাবেন। এরই মাঝে অরিজিৎ সিংয়ের আরেকটি কাজ নিয়েও চর্চা তুঙ্গে। আসন্ন ধুরন্ধর ২ ছবিতে তাঁর গাওয়া ‘ফির সে’ গানটি এরমধ্যেই বিশেষ আকর্ষণ তৈরি করেছে। কারণ, কিছুদিন আগেই তিনি সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন যে নতুন কোনও সিনেমার জন্য আর গান গাইবেন না। সেই প্রেক্ষিতে ‘ফির সে’ গানটি অনুরাগীদের কাছে আলাদা আবেগ ও ভাললাগার জায়গা তৈরি করেছে। বিশ্বজোড়া খ্যাতির মাঝেও মাটির মানুষ হিসেবেই পরিচিত অরিজিৎ সিং। মঞ্চে তাঁর সুরের মূর্ছনায় আজও মোহিত হয় গোটা দেশ। তাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হোক বা আন্তর্জাতিক মিউজিক প্রজেক্ট-প্রতিটি ক্ষেত্রেই তাঁকে ঘিরে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ।সব মিলিয়ে, দেশীয় ও আন্তর্জাতিক-দুই মঞ্চেই অরিজিৎ সিংয়ের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেই দিকেই এখন তাকিয়ে অরিজিৎ ভক্তরা।

