কেকেআরে বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং, দ্রে রাসকে চিরকালীন ঠাঁই দিয়ে সম্মান নাইটদের

0

আসন্ন আইপিএল মরসুমের আগে বড় পরিবর্তনের সাক্ষী থাকল কলকাতা নাইট রাইডার্স শিবির। গুরুদায়িত্ব পেলেন সদ্য পিতৃহারা রিঙ্কু সিং। অন্যদিকে নাইটদের কিংবদন্তি ক্রিকেটার আন্দ্রে রাসেলকেও জানানো হয়েছে বিশেষ সম্মান। কেকেআর ফ্র্যাঞ্চাইজি মঙ্গলবার এক অনুষ্ঠানে জানিয়ে দিল, ২০২৬ মরসুমে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণ ব্যাটার রিঙ্কু সিং।  অধিনায়ক অজিঙ্কা রাহানের ডেপুটি হিসেবে আলিগড়ের এই ক্রিকেটারই এখন দলের অন্যতম ভরসা।

গত কয়েক মরসুমে ধারাবাহিক পারফরম্যান্স এবং চাপের মুহূর্তে ম্যাচ জেতানোর দক্ষতা রিঙ্কুকে এই জায়গায় এনে দিয়েছে। দলের ড্রেসিংরুম সংস্কৃতি থেকে ম্যাচ পরিস্থিতি—সব ক্ষেত্রেই তাঁর স্বচ্ছ ধারণা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও তাঁর পক্ষে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, দলের প্রাক্তন তারকা আন্দ্রে রাসেলকে ঘিরেও আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। তাঁর বিখ্যাত ১২ নম্বর জার্সি অবসর-এ পাঠানো হল।  দীর্ঘদিন কেকেআরের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলে দলের অন্যতম আইকন হয়ে ওঠা রাসেলকে যদিও ২০২৫ মরসুমের পর ছেড়ে দেওয়া হয়েছিল, তবে তাঁকে পুরোপুরি ছেড়ে দেয়নি শাহরুখ খান।আসন্ন মরশুমে ‘পাওয়ার কোচ’ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। তরুণ ক্রিকেটারদের শক্তি ও আক্রমণাত্মক মানসিকতা গড়ে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
দলের অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারাইনের কেরিয়ারও শেষ পর্যায়ে পৌঁছনোয় নেতৃত্বে একটি শূন্যতা তৈরি হয়েছিল। সেই জায়গায় রিঙ্কুর উপর আস্থা রাখার সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে ক্রিকেট মহল।

এছাড়াও, মাঠের বাইরেও রিঙ্কু সিংয়ের জীবনে বড় পরিবর্তন এসেছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে তাঁকে ক্রীড়া দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাঁর ক্রিকেটীয় সাফল্যের স্বীকৃতি বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, একদিকে নতুন নেতৃত্ব, অন্যদিকে অতীতের অবদানকে সম্মান—এই দুইয়ের মিশেলে আইপিএল ২০২৬ মরসুমে নতুন রূপে দেখা যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সকে। এখন দেখার, রিঙ্কুর নেতৃত্বে দল কতটা সফল হয় এবং রাসেলের অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলে মাঠের পারফরম্যান্সে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *