আরসিবির বিশেষ উদ্যোগ! আইপিএলে চিন্নাস্বামীতে চিরকাল ১১ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত  

0

আইপিএল জয়ের উচ্ছ্বাস কখনও কখনও ইতিহাসের পাতায় বেদনাদায়ক স্মৃতিও হয়ে ওঠে। ঠিক তেমনই এক দ্বৈত অনুভূতির সাক্ষী বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। ২০২৬ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) যখন দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতে, বিরাট কোহলিদের হাতে ট্রফি দেখে তখন গোটা শহর আনন্দে মেতে উঠেছিল। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই মুহূর্তে রূপ নেয় শোকে, যখন ২০২৫ সালের ৪ জুন ট্রফি নিয়ে সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান ১১ জন সমর্থক এবং আহত হন আরও বহু মানুষ।
এই মর্মান্তিক ঘটনার স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও আরসিবি কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে ১১টি আসন স্থায়ীভাবে খালি রাখা হবে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ- কোনও ক্ষেত্রেই এই আসনগুলোর টিকিট বিক্রি করা হবে না। এই ১১টি আসন প্রতীক হয়ে থাকবে সেই ১১টি অকালপ্রয়াত জীবনের, যাঁরা প্রিয় দলের সাফল্য উদযাপন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। এর পাশাপাশি স্টেডিয়ামের ভিতরে বসানো হবে একটি স্মৃতিফলক, যেখানে স্থান পাবে নিহত সমর্থকদের স্মৃতি। প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং বিশেষ করে আইপিএলের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে প্রয়াতদের নাম।
কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ জানিয়েছেন, এই উদ্যোগ শুধুমাত্র শ্রদ্ধা নিবেদন নয়, বরং নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি প্রয়াস।আগামী ২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে আবার শুরু হচ্ছে ক্রিকেটের উৎসব, যেখানে আরসিবি মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। দর্শকে ভরা গ্যালারির মাঝেও সেই ১১টি খালি আসন নিঃশব্দে স্মরণ করিয়ে দেবে এক মর্মান্তিক দিনের কথা, যা আইপিএলের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *