আইপিএলে গত বছরের পদপিষ্টের মর্মান্তিক ঘটনার স্মৃতি! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিসিসিআইয়ের
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এ বার শুরু হতে চলেছে আইপিএল। গত বছরের মর্মান্তিক ঘটনার স্মৃতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই আসন্ন মরশুমে কোনও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৫ সালে ১৮ বছরের অপেক্ষা শেষ করে প্রথমবার আইপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কিন্তু সেই আনন্দ উদ্যাপনের সময় গত ৪ জুন ভয়াবহ পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান ১১ জন, আহত হন বহু মানুষ। সেই ঘটনার প্রেক্ষিতেই এবারের আইপিএলের শুরুটা সংযত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠবে তাঁদের নাম। এছাড়াও, মৃতদের স্মৃতিকে অমর করে রাখতে চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশপথে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, যেখানে খোদাই করা রয়েছে ১১ জনের নাম। উদ্বোধনী ম্যাচের দিনই সেই স্মৃতিসৌধের উদ্বোধন হবে। পাশাপাশি স্টেডিয়ামের একটি গ্যালারিতে ১১টি আসন চিরতরে সংরক্ষিত রাখা হয়েছে, যা ভবিষ্যতে কোনও ম্যাচেই বিক্রি করা হবে না।
তবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও আইপিএলের সমাপ্তি হবে জাঁকজমকপূর্ণভাবে। বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল যৌথভাবে ৩১ মে ফাইনালের দিন একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানানো হয়েছে। এর আগেও জাতীয় শোকের কারণে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের নজির রয়েছে। ২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সেই অর্থ শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবারও শোকের আবহেই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টি২০ লিগ।
