বিশ্বকাপ ও ইতালির মধ্যে ব্যবধান এখন মাত্র এক ম্যাচ, এক যুগের অপেক্ষা কি ফুরোবে?

0

দীর্ঘ প্রতীক্ষা, ব্যর্থতার ভার আর চাপ-সব কিছুকে সঙ্গী করেই এগোচ্ছে ইতালি। তবে এবার যেন স্বপ্নটা হাতছানিই দিচ্ছে। বিশ্বকাপে ফেরার পথে আজ্জুরিদের সামনে এখন আর মাত্র একটাই বাধা-একটা ম্যাচের দূরত্ব।বার্গামোর স্তাদিও দি বেরগামোতে ইউরোপিয়ান প্লে অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না ইতালি। অবশেষে ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান সান্দ্রো তোনালি। এরপর ৮১ মিনিটে মইজে কিনের গোল নিশ্চিত করে দেয় ইতালির জয়।

এই জয়ে বিশ্বকাপে ফেরার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আজ্জুরিদের। ২০১৪ সালের পর টানা দু’বার বিশ্বকাপের মূলপর্বে উঠতে না পারা ইতালির সামনে এবার বড় সুযোগ। ৩১ মার্চ প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিতলেই এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দেখা যাবে ইতালিকে।
অন্যদিকে, পাথ ‘এ’-এর সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জয় পায় তারা। ফলে বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে এখন মুখোমুখি ইতালি ও বসনিয়া। ২০২৬ বিশ্বকাপের জন্য এরমধ্যেই অধিকাংশ দল নিশ্চিত হলেও ইউরোপিয়ান প্লে-অফ থেকে বাকি কয়েকটি জায়গা পূরণ হবে। সেই দৌড়ে ইতালির এই প্রত্যাবর্তনের লড়াই এখন ফুটবল বিশ্বের অন্যতম বড় আকর্ষণ। সব মিলিয়ে, ইতিহাস আর প্রত্যাশার মাঝখানে দাঁড়িয়ে ইতালি—আর মাত্র এক ম্যাচ দূরে তাদের বিশ্বকাপের স্বপ্ন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *