চার-ছক্কার মাঝে ‘প্রপোজাল ড্রামা’! আংটি খুঁজতে গ্যালারিতে হুলুস্থুল
আইপিএলের ম্যাচ মানেই রানের ঝড়, উত্তেজনা আর রোমাঞ্চ। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে যা ঘটল, তা স্কোরবোর্ডের ৪৪৪ রানকেও হার মানায়! কারণ বাইশ গজে ব্যাটারদের ঝড়ের মাঝেই গ্যালারিতে শুরু হয়ে গিয়েছিল একেবারে বলিউডি ‘লাভ স্টোরি’- তাও আবার থ্রিলার টুইস্টসহ।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে এক তরুণ ঠিক করেছিলেন, এই ম্যাচই হবে জীবনের সবচেয়ে বড় মুহূর্তের সাক্ষী। পাশে তাঁর প্রিয় মানুষ-তিনি আবার কেকেআর সমর্থক! দল আলাদা হলেও মন এক-এই বার্তা দিতেই হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিতে এগোলেন যুবক। কিন্তু সিনেমার মতোই ঠিক ক্লাইম্যাক্সে এসে ঘটল ‘টুইস্ট’-আংটির বাক্স খুলতেই তা হাত ফসকে পড়ে গেল!
এরপর? গ্যালারিতে মুহূর্তে তৈরি হুলস্থুল পরিস্থিতি। চারদিকে শুধু একটাই প্রশ্ন- ‘আংটি কোথায় গেল?’ ব্যাটাররা তখন মাঠে ছক্কা মারছেন, আর গ্যালারিতে চলছে আংটি খোঁজার মিশন! শেষমেষ পাশের এক দর্শক উদ্ধার করেন হারানো সেই ‘ভালোবাসার প্রতীক’। যেন ম্যাচের আসল ‘উইনিং মোমেন্ট’ তখনই!
আংটি ফিরে পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে যুবক আবার হাঁটু গেড়ে প্রস্তাব দেন। হাসিমুখে তা গ্রহণ করেন তরুণী। গ্যালারি তখন হাততালিতে ফেটে পড়ে-মনে হচ্ছিল, যেন আইপিএলের মাঝেই আরেকটা ‘ফাইনাল জয়’ সেরে ফেলল এই জুটি।
আইপিএলে ম্যাচের থেকে কম আকর্ষণ ছিল না এই প্রপোজাল কাণ্ড! অনেকেই মজা করে বলছেন, ‘এমন থ্রিলার ম্যাচেও এমন টুইস্ট থাকে না!’ আবার কেউ বলছেন, ‘আংটি হারানোই আসলে এই গল্পকে আরও স্পেশাল করে দিল’।
ক্রিকেট, প্রেম আর একটু নাটক—সব মিলিয়ে ওয়াংখেড়ে দেখল এক ‘ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ’!
