আর্থিক সংকটের দুশ্চিন্তাতেই মৃত্যু প্রণবের? দাবি খারিজ পরিবারের

0

টলিপাড়ায় তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই উঠে এসেছিল নানা জল্পনা। বিশেষ করে, কাজ না পাওয়া ও আর্থিক অনটনের চাপ থেকেই এই মর্মান্তিক পরিণতি, এমন ইঙ্গিত উঠে এসেছিল একাধিক জনের কথায়।

তবে এবার সেই সমস্ত দাবিকে সরাসরি খারিজ করল অভিনেতার পরিবার। প্রণবের ভাই প্রণয় চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে স্পষ্ট জানিয়েছেন, আর্থিক সমস্যা এবং কাজ না পাওয়ার দুশ্চিন্তা থেকেই প্রণবের এমন পরিণতি, এই ধারণা সম্পূর্ণ ভুল।

তিনি লেখেন, “তাঁর এই অকালমৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন পরিবারের সকলে, আর সেই কারণেই কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেছেন। প্রণয়ের কথায়, তাঁদের পারিবারিক ব্যবসা রয়েছে এবং প্রণবের ন্যূনতম চাহিদা বা জীবনের নিত্য প্রয়োজনীয়তা নিয়ে কোনও অভাব ছিল না। কাজের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা ছিল, যেমনটা ইন্ডাস্ট্রির বহু মানুষের ক্ষেত্রেই দেখা যায়। তবে তা কখনও এমন পর্যায়ে পৌঁছয়নি যে তা জীবন-মরণ পরিস্থিতি তৈরি করবে।”

তিনি আরও জানান, প্রণব কখনও কারও কাছে আর্থিক সাহায্যও চাননি। এছাড়াও, কিছু সংবাদমাধ্যম ও পরিচিত মহলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রণয় লেখেন, প্রণবের জীবন, সংগ্রাম বা তথাকথিত ‘দারিদ্র’ নিয়ে গল্প তৈরি করে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায় এবং তা বন্ধ হওয়া উচিত।

প্রসঙ্গত, এর আগে সহকর্মীদের একাধিক পোস্টে উঠে এসেছিল প্রণবের কাজ না পাওয়ার হতাশার কথা। অভিনেত্রী অলোকানন্দা গুহ থেকে শুরু করে অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়, অনেকেই আবেগঘন বার্তায় তার ইঙ্গিত দিয়েছিলেন। সেই সূত্র ধরেই আর্থিক সংকটের কথা সামনে আসে।

উল্লেখ্য, মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রণব চট্টোপাধ্যায়। টেলিভিশনের একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *