টাকা তুলতে বেরিয়ে উধাও , নিখোঁজ পরিচালক -চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়, কী ঘটেছে?
টলিউডে ঘটছে একের পর এক আকস্মিক দুর্ঘটনা। এবার দিনেদুপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ টলিউডের পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিমতার একটি বেসরকারি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে আর বাড়ি ফেরেননি পরিচালক। ২৪ ঘন্টা কেটে গেলেও তার কোনও খোঁজ মেলেনি।
সূত্রের খবর , নিজের ফোন বাড়িতেই রেখে গিয়েছিলেন উৎসব। সঙ্গে নিয়েছিলেন বাবার একটি পুরোনো ফোন,যেখানে একটি গুরুত্বপূর্ণ ওটিপি আসার কথা ছিল পরিচালকের। তবে ব্যাঙ্কে পৌঁছে স্ত্রীর সঙ্গে কথাও হয় উৎসবের। তিনি জানান কাজ প্রায় শেষের পথেই তার। কিন্তু দুপুর ২ টোর পর থেকে ফোন বন্ধ হয়ে যায়। তারপর আর কোনওভাবে যোগাযোগ সম্ভব হয়নি। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে পরিবারের।
পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দোপাধ্যায় জানান ,সন্ধে পর্যন্ত অপেক্ষা করেও কোনও খোঁজ না পেয়ে প্রথমে থানায় যোগাযোগ করেন। পরে রাতে আনন্দপুর থানায় নিখোঁজ হওয়ার ডায়েরি দায়ের করেন মৌপিয়া। পুলিশের প্রাথমিক তদন্তে শেষ লোকেশন ধরা পড়েছে বিধাননগর এলাকায়। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিচালকের স্ত্রী।তার দাবি ,সম্প্রতি তার বাবার মৃত্যু সহ পরিবারের একাধিক শোকের ঘটনা পরিচালকের ওপর গভীর প্রভাব ফেলেছিল। ফলে তিনি ইচ্ছাকৃতভাবে কিছুদিন এক থাকতে চেয়েছেন কিনা ,সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পরিবার।
উল্লেখ্য , গত ফেব্রুয়ারিতেই বিয়ে হয়েছিল উৎসব মুখোপাধ্যায়ের। টলিউডে পরিচিত ছবি ‘অপরাজিত’ চিত্রনাট্য তার লেখা। পাশাপাশি ‘ভীতু’.’ভবিষ্যতের ভূত’,’বরুণবাবুর বন্ধু’-র মতো একাধিক ছবির কাজের সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়।
ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়।সহকর্মী ও বন্ধুদের মধ্যেও বেড়ে চলেছে উদ্বেগ।পুলিশ সূত্রে খবর,ইতিমধ্যেই একাধিক থানায় খবর পাঠানো হয়েছে এবং নিখোঁজ পরিচালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
