‘আমরা এখন তিনজন!’- রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার পোস্টে কীসের ইঙ্গিত?
সদ্য বিয়ে সেরেছেন। ফিল্ম ইন্ড্রাস্ট্রি হইহই রব পড়েছিল সেই বিয়ে নিয়ে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডাকে ঘিরে ফের তুঙ্গে জল্পনা। বিয়ের দেড় মাস কাটতে না কাটতেই সন্তান আগমনের বার্তা! সমাজমাধ্যমে তাঁদের এক পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে যেন! একটি গ্রাফিক্স ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে তাঁরা লেখেন, ‘আমরা এখন তিনজন।’ আর এই এক লাইনেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল কৌতূহল।
ভিডিয়োটিতে দেখা যায়, রশ্মিকা ও বিজয়ের আদলে তৈরি অ্যানিমেটেড চরিত্রের সঙ্গে রয়েছে একটি হলুদ ফুল, যা কখনও রশ্মিকার কাছে আসছে, কখনও স্নেহের ছোঁয়া দিচ্ছে। সঙ্গে লাল হার্ট ইমোজি-সব মিলিয়ে পোস্ট যেন সত্যিই ইঙ্গিতে ভরা। নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, শীঘ্রই বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। ফলে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে কমেন্টস।
তবে এখানেই থামেনি আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ‘তিনজন’ হওয়ার বার্তা কি সত্যিই নতুন জীবনের আগমনের ইঙ্গিত? কেউ আবার সরাসরি জানতে চেয়েছেন, রশ্মিকা কি গর্ভবতী? আবার কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘তিন মানে কি ফুল, না কি জুনিয়র ভিরোশ?’ অন্যদিকে, সমালোচনার সুরও শোনা গিয়েছে। কিছু নেটিজেন বিয়ের সময়কাল টেনে প্রশ্ন তুলেছেন নানা বিষয়ে। যদিও এই সমস্ত জল্পনা-কল্পনার মাঝে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি রশ্মিকা মন্দানা বা বিজয় দেবরাকোন্ডা। বিয়ের আগে প্রেমের মতোই লুকোচুরি!
রহস্য আরও বেড়েছে ‘টেরিবলি টাইনি’ নামের একটি অ্যাকাউন্ট, যাকে পোস্টে ট্যাগ করা হয়েছে। ভক্তদের অনেকেই মনে করছেন, এটা হয়তো কোনও নতুন প্রজেক্ট বা প্রচারের অংশও হতে পারে। ফলে সন্তান আসার সুখবর, নাকি নিছক প্রচার- তা এখনও ধোঁয়াশাতেই।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বিয়ের পর থেকেই তাঁদের ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। এরই মাঝে এই রহস্যময় পোস্ট যেন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
সব মিলিয়ে, এক ছোট্ট বাক্যেই বড় প্রশ্ন,সত্যিই কি তাঁদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে? নাকি এ কেবলই পর্দার আড়ালের আর এক চমক? উত্তর জানার অপেক্ষায় এখন গোটা ভক্তমহল।
