আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন প্যাট কামিন্স! ফিরবেন কি আর চিন্তায় হায়দরাবাদ ভক্তরা

0

আইপিএলের মাঝপথে বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে। পিঠের চোটের কারণে এখনও মাঠে নামতে না পারা অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স হঠাৎই দেশে ফিরে গেলেন। জানা গেছে, চোটের সঠিক অবস্থা জানতেই অস্ট্রেলিয়ায় গিয়ে স্ক্যান করাবেন তিনি। তারপর নেবেন সিদ্ধান্ত।
আইপিএল শুরুর আগেই কামিন্স স্পষ্ট করেছিলেন যে, টুর্নামেন্টের শুরুতে তাঁর খেলা অনিশ্চিত। সেই অনুযায়ী এখনও পর্যন্ত একটা ম্যাচেও মাঠে নামেননি তিনি। তবে হায়দরাবাদ দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। গত ২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পরই দেশে ফেরেন এই অজি ক্রিকেটার।
ক্রিকেট বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইটের খবর, এই স্ক্যান সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তিনি আবার দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে আইপিএলের দ্বিতীয়ার্ধে এবং সম্ভাব্য প্লে-অফে কামিন্সকে পাওয়ার সম্ভাবনা জোরালো হবে। গত বছরের জুলাইয়ে পিঠে চোট পাওয়ার পর থেকেই খুব বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেননি কামিন্স। ডিসেম্বরের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। চোটের জটিলতার কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। কামিন্সের অনুপস্থিতিতে আপাতত সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব সামলাচ্ছেন ঈশান কিষান। বিদেশি পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন ইশান মালিঙ্গা ও ডেভিড পেইন। এরমধ্যেই দুই ম্যাচে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের মাঝামাঝি জায়গায় রয়েছে হায়দরাবাদ।এখন সব নজর কামিন্সের ফিটনেস রিপোর্টে। তিনি কবে ফিরবেন, আর ফিরেই কতটা প্রভাব ফেলতে পারবেন-সেটাই নির্ধারণ করতে পারে হায়দরাবাদের আইপিএল ভাগ্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed